ক্যাম্পাস

নবম বর্ষে পদার্পণ করছে কুবি প্রেস ক্লাব

মোহাম্মদ ফোরকান, ‎কুবি প্রতিনিধি

শেয়ারঃ

নবম বর্ষে পদার্পণ করছে কুবি প্রেস ক্লাব- খবরের থাম্বনেইল ফটো

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) কর্মরত সাংবাদিকদের সংগঠন কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব ৮ম বর্ষ অতিক্রম করে নবম বর্ষে পদার্পণ করেছে। ‘সর্বদা সত্যের সন্ধানে’ স্লোগান ধারণ করে ২০১৮ সালের ৪ এপ্রিল যাত্রা শুরু করে সংগঠনটি।


‎প্রতিষ্ঠাকালে আহ্বায়ক কমিটির মাধ্যমে ৯ জন সদস্য নিয়ে যাত্রা শুরু করলেও সময়ের সঙ্গে সঙ্গে সংগঠনটির পরিসর বেড়েছে। বর্তমানে প্রেস ক্লাবটির সঙ্গে ২০ জন সদস্য কাজ করছেন এবং এর পাশাপাশি রয়েছে ২০ জনের অধিক সহযোগী সদস্য।

‎শুরু থেকেই বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব ক্যাম্পাসে একটি গ্রহণযোগ্য ও প্রশংসিত সাংবাদিক সংগঠন হিসেবে নিজেদের অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছে।

‎কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের সহযোগী সদস্য তাফসিরুল করিম বলেন, এই সংগঠনের সঙ্গে যুক্ত থাকতে পেরে আমি সত্যিই গর্বিত। এই প্ল্যাটফর্মটি আমাদের দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চর্চার সুযোগ করে দিয়েছে। একজন জুনিয়র হিসেবে এখানে আমরা শুধু কাজই করছি না, বরং প্রতিনিয়ত শিখছি, নিজেদের দক্ষতা উন্নয়ন করছি এবং বাস্তব অভিজ্ঞতা অর্জন করছি।

আমাদের সিনিয়রদের কাছ থেকে পাওয়া দিকনির্দেশনা ও সহযোগিতা আমাদের এগিয়ে যেতে অনুপ্রাণিত করে। আমি বিশ্বাস করি, সবার সম্মিলিত প্রচেষ্টা, সততা ও নিষ্ঠার মাধ্যমে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব ভবিষ্যতে আরও শক্তিশালী ও প্রভাবশালী সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত হবে।”

‎কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের সকল শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ জানিয়ে কুবি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বলেন, "কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব প্রতিষ্ঠার পর থেকেই সর্বদা সত্যের সন্ধ্যানে কাজ করে যাচ্ছে। সবসময় শিক্ষার্থীদের কল্যাণে, অন্যায়, অনিয়মের বিরুদ্ধে আমরা কাজ করে আসতেছি, সামনেও কাজ করে যাবো। কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব এবং এর সাথে যুক্ত সকলের উত্তরোত্তর সাফল্য কামনা করছি।"

‎প্রেস ক্লাবের সহ-সভাপতি মারিয়াম আক্তার শিল্পী বলেন, "কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব তার কাজের মাধ্যমেই আজ ক্যাম্পাসে একটি সুপরিচিত ও বিশ্বাসযোগ্য সংগঠন হিসেবে জায়গা করে নিয়েছে। আমি বিশ্বাস করি, ক্লাবটি ভবিষ্যতে আরও এগিয়ে যাবে, শক্তিশালী কণ্ঠস্বর হিসেবে প্রতিষ্ঠিত হবে এবং তার কাজের মাধ্যমেই দীর্ঘদিন বেঁচে থাকবে।"


‎সংগঠনটির প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক শতাব্দী জুবায়ের বলেন, ‘মূলধারার ক্যাম্পাস সাংবাদিকতা করার জন্য ২০১৮ সালে যাত্রা হয়েছিল কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের। হাঁটি হাঁটি পা পা করে ৮ম বর্ষে পদার্পণ করেছে প্রিয় সংগঠন। ক্লাবের মেধাবী, ত্যাগী, উদ্যমী তরুণ সদস্যদের সততা, নিষ্ঠা ও পরিশ্রমে আজ সংগঠন ধীরে ধীরে পূর্ণতা পেতে যাচ্ছে। প্রতিষ্ঠাবার্ষিকীতে ক্লাবের কাছে প্রত্যাশা আরও বেশি। আরও এগিয়ে যাক। ক্লাব হোক ক্যাম্পাসের ধ্বনি। প্রতিষ্ঠাবার্ষিকীতে ক্লাবের সদস্য ও বিশ্ববিদ্যালয় পরিবারের সবাইকে শুভেচ্ছা।’


সম্পর্কিত খবর