জাতীয়
ফ্যাসিবাদ আমলে নির্যাতিত গণমাধ্যমকর্মীদের তালিকা তৈরি করবে সরকার: তথ্যমন্ত্রী

ফ্যাসিবাদ আমলে নির্যাতনের শিকার গণমাধ্যমকর্মীদের তালিকা তৈরি করা হচ্ছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, সরকারের বয়স মাত্র দেড় মাস হলেও প্রতিশ্রুতি অনুযায়ী গণমাধ্যমের দায়িত্বশীল স্বাধীনতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব অংশীজনের সঙ্গে আলোচনা শুরু করা হয়েছে।
শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যায় পাবনা বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে আয়োজিত বইমেলার উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী আরো বলেন, গণমাধ্যমের ওপর নির্যাতনের যে ইতিহাস তা ফ্যাসিবাদের কর্মকাণ্ডের অঙ্গ। আমরা গণতান্ত্রিক আন্দোলন করে ফ্যাসিবাদকে উৎখাত করেছি।
তিনি জানান, গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাইলে গণমাধ্যমের অধিকার এবং স্বাধীনতা যারা চর্চা করেছেন সেই গণমাধ্যমকর্মীদের নির্যাতনের যে অপরাধ তার বিচার করতে হবে।
এই অপরাধকে চিহ্নিত করতে সাংবাদিক প্রতিনিধিদের সঙ্গে নিয়ে ইতোমধ্যেই তালিকা তৈরি করার উদ্যোগ নেওয়া হয়েছে।
পাবনা জেলা জাসাসের আহ্বায়ক ও প্রধানমন্ত্রীর আলোকচিত্রী খালেদ হোসেন পরাগের সভাপতিত্বে এবং পাবনা বইমেলা উদযাপন পরিষদের সদস্য সচিব ডা. আহমেদ মোস্তফা নোমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান ও সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকারসহ অন্যান্যরা।







