ক্যাম্পাস
রাবিতে সিনেট কার্যকর ও শিক্ষার্থীদের দ্রুত বৃত্তির ব্যবস্থাসহ একগুচ্ছ সিদ্ধান্ত রুয়ার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সিনেট কার্যকর করা এবং শিক্ষার্থীদের দ্রুত বৃত্তির ব্যবস্থা চালুসহ একগুচ্ছ পরিকল্পনার কথা জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (রুয়া) সভাপতি ও সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান।
শনিবার (৪ এপ্রিল) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনে রুয়া’র এক সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
রুয়া’র সভাপতি বলেন, ‘গত ফ্যাসিবাদী আমল থেকে বিশ্ববিদ্যালয়ের সিনেট কোনো কাজ করছে না। অথচ সিনেট বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রধান অঙ্গ। আমরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছি এবং নিজেরাও সিদ্ধান্ত নিয়েছি যে অবিলম্বে সিনেট কার্যকর করতে হবে। রাকসুর পক্ষ থেকেও আমাদের কাছে এই দাবি জানানো হয়েছে। যেহেতু রাকসু থেকেও পাঁচজন সিনেট সদস্য নির্বাচিত হয়েছেন।’
তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি ছিল রিইউনিয়ন ও এজিএম আয়োজন করা। এজন্য আমরা আজ সিদ্ধান্ত নিয়েছি, আগামী ২ অক্টোবর রিইউনিয়ন এবং ৩ অক্টোবর এজিএম অনুষ্ঠিত হবে। রিইউনিয়নের জন্য যারা সদস্য হবেন, তাদের নিবন্ধনের জন্য নির্দিষ্ট সময় দেওয়া হবে।’
তিনি আরও বলেন, ‘আমরা দাবি জানিয়েছি, প্রতিটি হলের রিডিং রুমে যেন এসি স্থাপন করা হয়। শিক্ষার্থীদের পড়াশোনার জন্য এটি অত্যন্ত প্রয়োজনীয়। এছাড়া আমরা খুব শিগগিরই রুয়ার নিজস্ব ভবন নির্মাণ করব। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানিয়েছি, এক থেকে দুই মাসের মধ্যে রুয়া ভবনের নির্মাণকাজ শুরু করা হবে।’
শিক্ষার্থীদের বৃত্তি প্রসঙ্গে রুয়া’র সভাপতি বলেন, ‘আমরা শুরুতেই শিক্ষার্থীদের জন্য একটি বৃত্তির ঘোষণা দিয়েছিলাম। আজ সিদ্ধান্ত নিয়েছি, এই বৃত্তি কর্মসূচি দ্রুত চালু করা হবে। আমাদের সামর্থ্য অনুযায়ী প্রতি বিভাগ থেকে একজন ছাত্রী ও একজন ছাত্রকে মাসে দুই হাজার টাকা করে বৃত্তি দেওয়া হবে।’
ই-কার পুনরায় চালুর বিষয়ে তিনি বলেন, ‘ক্যাম্পাসে আগে আমরা ই-কার চালু করেছিলাম। তবে কিছু যান্ত্রিক ত্রুটি এবং রক্ষণাবেক্ষণের অভাবে তা বন্ধ হয়ে যায়। এছাড়া ক্যাম্পাসের রাস্তার অবস্থাও তখন ভালো ছিল না। এখন আমরা নতুন করে কিছু ই-কার কিনে বিশ্ববিদ্যালয়কে প্রদান করব। আগের মতোই ই-কার চলবে, তবে এর ব্যবস্থাপনায় থাকবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।’
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘খুব অল্প সময়ের মধ্যেই আমাদের এসব সিদ্ধান্ত বাস্তবায়ন হবে বলে আমরা আশা করছি।’
এসময় রুয়ার মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফরিদুল ইসলাম, উপ-উপাচার্য (প্রশাসন) মো. মাঈন উদ্দিন, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মোহা. ফরিদ উদ্দিন খান, রুয়ার সাধারণ সম্পাদক অধ্যাপক ড. নিজাম উদ্দিন এবং রাকসুর ভিপি মোস্তাকুর রহমান জাহিদসহ রুয়া ও রাকসুর সদস্যরা।







