ক্যাম্পাস

বেরোবি শিক্ষার্থীর অকাল মৃত্যুতে শোক, আত্মহনন প্রতিরোধে সচেতনতার আহ্বান জনসংযোগ পরিচালকের

বেরোবি প্রতিনিধি

শেয়ারঃ

বেরোবি শিক্ষার্থীর অকাল মৃত্যুতে শোক, আত্মহনন প্রতিরোধে সচেতনতার আহ্বান জনসংযোগ পরিচালকের - খবরের থাম্বনেইল ফটো

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) এক শিক্ষার্থীর অকাল মৃত্যুতে ক্যাম্পাসজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। এ ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য ও আত্মহনন প্রতিরোধে সচেতনতার আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. মাসুদ রানা।


শনিবার (৪ এপ্রিল) এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।


বিবৃতিতে তিনি বলেন, সাময়িক কোনো সমস্যার কারণে জীবনকে শেষ করে দেওয়া কখনোই সমাধান হতে পারে না। প্রতিটি শিক্ষার্থীর জীবন মূল্যবান এবং তাদের সামনে রয়েছে সম্ভাবনাময় ভবিষ্যৎ।


তিনি আরও বলেন, বর্তমান সময়ে নেশা, মানসিক চাপ, পারিবারিক ও ব্যক্তিগত সংকট, অনলাইন বিভ্রান্তি এবং একাকীত্বের মতো নানা কারণে অনেক শিক্ষার্থী মানসিকভাবে ভেঙে পড়ছে। এসব পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে আত্মহননের পথ বেছে নেওয়া উদ্বেগজনক প্রবণতা বলে তিনি মন্তব্য করেন।


শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, হতাশা বা সংকটে পড়লে নিজেকে গুটিয়ে না রেখে বন্ধু, শিক্ষক কিংবা পরিবারের সঙ্গে খোলামেলা কথা বলা উচিত। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নেওয়ার ওপরও গুরুত্বারোপ করেন তিনি। একই সঙ্গে নেশা ও অনলাইন আসক্তি থেকে দূরে থাকার আহ্বান জানান।


বিবৃতিতে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয় প্রশাসন সবসময় শিক্ষার্থীদের পাশে রয়েছে এবং থাকবে। একটি নিরাপদ, সহানুভূতিশীল ও জীবনমুখী ক্যাম্পাস গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।


এদিকে, কোনো শিক্ষার্থী মানসিকভাবে বিপর্যস্ত থাকলে তার পাশে দাঁড়াতে এবং নীরব না থাকার আহ্বান জানান তিনি।


উল্লেখ্য, শনিবার ভোর ৪টায় বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের ২০২২-২৩ সেশনের শিক্ষার্থী মো. আজিমুল চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল-এ মৃত্যুবরণ করেন।


সম্পর্কিত খবর