ক্যাম্পাস
চাকসু নেতার উপর হামলায় প্রধান আসামি গ্রেফতার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) পাঠাগার ও ক্যাফেটেরিয়া সম্পাদক মাসুম বিল্লাহর ওপর হামলার ঘটনায় প্রধান আসামি আরিফুল ইসলাম আরিফকে ঢাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (৪ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান।
এর আগে এ ঘটনায় দায় স্বীকার করে আরেক অভিযুক্ত জালাল উদ্দিন মুন্না। জিজ্ঞাসাবাদে একটি ভিডিওতে দেখা যায় মুন্না আরিফের সাথে চাকসুর সম্পাদককে আহত করার বিষয়টি স্বীকার করেন। মুন্না বলেন, "ঘটনাস্থলে আমরা দুজন ছিলাম আমি এবং আরিফ। ঘটনাস্থলে তাদেরকে আমরা জানলে অবস্থা দেখতে পাই। আমরা তখন তাকে ঘুষি দি এবং পালিয়ে যাবার চেষ্টা করি। আমরা কোন প্লেট বা অন্য কিছুতে মারিনি হাত দিয়ে মারিছি হয়তো ঘষা লাগার কারণে রক্ত বের হয়েছে। "
গ্রেফতারের বিষয়ে হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান বলেন, “সন্ধ্যা ৬টার দিকে ঢাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। আমাদের টিমই তাকে গ্রেফতার করেছে এবং ইতোমধ্যে তাকে নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্য রওনা দেওয়া হয়েছে।”
বাকিদের গ্রেফতারের বিষয়ে তিনি বলেন, “এ ঘটনায় দু’জনের সম্পৃক্ততা রয়েছে। এর আগে গ্রেফতার হওয়া একজনও স্বীকার করেছে যে দু’জন মিলে হামলা চালিয়েছে। আমরা মূলহোতা ও এক নম্বর আসামিকে গ্রেফতার করেছি। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”







