ক্যাম্পাস
জাকসুর উদ্যোগে ক্যাম্পাস পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু প্রতিরোধ সচেতনতা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু)-এর উদ্যোগে দুই দিনব্যাপী ক্যাম্পাস পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু প্রতিরোধ সচেতনতা কার্যক্রম শুরু হয়েছে।
রবিবার (৫ এপ্রিল) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্বরের সামনে জাকসুর পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ বিষয়ক সম্পাদক মো. সাফায়েত মীরের সঞ্চালনায় এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
এ বিষয়ে জাকসুর সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম বলেন, বর্তমানে জনবল সংকট ও অপরিকল্পিত ব্যবস্থাপনার কারণে ক্যাম্পাসের সৌন্দর্য কিছুটা নষ্ট হচ্ছে। এ সমস্যা সমাধানে প্রশাসনের কার্যকর পদক্ষেপ প্রয়োজন। আমরা চাই পরিচ্ছন্নতা সবার জীবনের অংশ হয়ে উঠুক এবং ডেঙ্গুর সম্ভাব্য প্রাদুর্ভাব মোকাবিলায় সবাই আগেভাগে সচেতন হোক। এ লক্ষ্যেই আমাদের এ আয়োজন।
প্রাণিবিদ্যা বিভাগের কীটবিশেষজ্ঞ অধ্যাপক ড. কবিরুল বাশার বলেন, “মশা নিয়ন্ত্রণে আগে সমস্যাগুলো চিহ্নিত করতে হবে। খোলা ড্রেনের ঢাকনা লাগানো, বন্ধ ড্রেন চালু করা এবং জমে থাকা পানি পরিষ্কার করা জরুরি। এসব কাজ খুব ব্যয়বহুল নয়। ছাত্র, শিক্ষক ও প্রশাসন একসঙ্গে কাজ করলে বিশ্ববিদ্যালয়কে মশা নিয়ন্ত্রণের একটি মডেল হিসেবে গড়ে তোলা সম্ভব।”







