ক্যাম্পাস
৭ এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে জাবিতে দিনব্যাপী নানা আয়োজন

"টুগেদার ফর হেল্ফ, ইস্টে ইউথ সাইন্স" স্লোগানকে ধারণ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগের ছাত্র সংসদের উদ্যোগে ‘বিশ্ব স্বাস্থ্য দিবস–২০২৬’ উপলক্ষে আগামী ৭ এপ্রিল দিনব্যাপী নানা সচেতনতামূলক আয়োজনের মাধ্যমে দিবসটি উদযাপন করা হবে।
রবিবার (৫ এপ্রিল) বিকাল ৫টায় বিভাগটির কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে বিভাগের সভাপতি ড. মো. সাখাওয়াত হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
এ সময় তিনি বলেন, “৭ এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে ‘টুগেদার ফর হেল্ফ’ প্রতিপাদ্য সামনে রেখে আমরা এ আয়োজন করছি। স্বাস্থ্যকে আর শুধু ব্যক্তিগত বিষয় হিসেবে দেখার সুযোগ নেই; বরং মহামারি, জলবায়ু পরিবর্তনসহ বৈশ্বিক নানা চ্যালেঞ্জ মোকাবিলায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। এজন্য ‘ইস্টে ইউথ সাইন্স’ বার্তাটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ বৈজ্ঞানিক তথ্য ও গবেষণার ভিত্তিতেই আমাদের সিদ্ধান্ত নিতে হবে।”
তিনি আরও বলেন, “‘ওয়ান হেল্থ’ ধারণার মাধ্যমে মানুষ, প্রাণী ও পরিবেশ—এই তিনটির সমন্বিত সম্পর্ক বিবেচনায় নিয়ে স্বাস্থ্য সমস্যার সমাধান করতে হবে। সবাই একসঙ্গে কাজ করে একটি সুস্থ সমাজ গড়ে তুলুক এবং এই দিবসের মাধ্যমে সেই সচেতনতা আরও ছড়িয়ে পড়ুক।”
বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচি সম্পর্কে তিনি জানান, সেদিন সকাল ৬টায় ‘Run for Health’, সকাল ৮টায় ‘Clean for Health’ ক্যাম্পেইন, সকাল ১০টায় র্যালি এবং সারাদিন হেলথ ক্যাম্পের মাধ্যমে বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রদান করা হবে। পাশাপাশি বৃক্ষরোপণ, স্বাস্থ্যবিষয়ক বিতর্ক এবং শিশুদের জন্য আর্ট প্রতিযোগিতাসহ বিভিন্ন আয়োজন থাকবে।
প্রেস ব্রিফিংয়ে পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগের সহকারী অধ্যাপক মোছা. জান্নাতুল ফেরদৌস এবং বিভাগের শিক্ষার্থী ফোরামের সদস্যরা উপস্থিত ছিলেন। ইউনিকো হসপিটালের সহযোগিতায় দিনব্যাপী এসব কার্যক্রম পরিচালিত হবে।







