ক্যাম্পাস

কুয়েটে ছাত্রকল্যাণ পরিচালকের সঙ্গে ক্লাব প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ

কুয়েট প্রতিনিধি

শেয়ারঃ

কুয়েটে ছাত্রকল্যাণ পরিচালকের সঙ্গে ক্লাব প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ- খবরের থাম্বনেইল ফটো

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ছাত্রকল্যাণ পরিচালকের সঙ্গে বিভিন্ন ক্লাবের প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।


রবিবার (৫ এপ্রিল ২০২৬) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন ক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক ও সদস্যরা অংশগ্রহণ করেন।


সৌজন্য সাক্ষাতে শিক্ষার্থীরা ক্যাম্পাসের সহশিক্ষা কার্যক্রম আরও সুচারুভাবে পরিচালনা এবং সার্বিক পরিবেশের মানোন্নয়নে বিভিন্ন মতামত তুলে ধরেন। তারা ক্লাবভিত্তিক কার্যক্রমকে আরও গতিশীল ও শিক্ষার্থীবান্ধব করার ওপর গুরুত্বারোপ করেন।


এ সময় ছাত্রকল্যাণ পরিচালক ড. মো. হাসান আলী শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তিনি শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে একটি ইতিবাচক ও প্রাণবন্ত ক্যাম্পাস গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন এবং প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।


এ সময় তিনি আরও জানান, ‘বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নির্দেশনায় আসন্ন পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে জাঁকজমকপূর্ণ আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এ বছর উৎসবটি এমনভাবে আয়োজনের উদ্যোগ নেওয়া হচ্ছে, যাতে এটি শুধু কুয়েটের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যেই সীমাবদ্ধ না থেকে খুলনা শহরের সাধারণ মানুষের জন্যও একটি প্রাণবন্ত ও উপভোগ্য অনুষ্ঠানে পরিণত হয়।’


সাক্ষাৎকালে ছাত্রকল্যাণ দপ্তরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক ও সহকারী পরিচালক উপস্থিত ছিলেন।


সম্পর্কিত খবর