ক্যাম্পাস
জুলাই কারা সংগঠিত করেছে এর উত্তর খুঁজলে নির্বাক চলচ্চিত্রেও আপনাদের নায়কের নাম থাকবে না: শিশির মনির

জুলাই কারা সংগঠিত করেছে—এর উত্তর খুঁজলে নির্বাক চলচ্চিত্রেও আপনাদের নায়কের নাম লেখা হবে না। এখানে নায়ক ছাত্ররা—এমন মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির।
সোমবার (৬ এপ্রিল) বিকেল ৫টায় রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (রাকসু) আয়োজিত ‘গণভোটের রায় বাস্তবায়নে গড়িমসি—সংকটের পথে দেশ’ শীর্ষক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।
শিশির মনির বলেন, “আপনারা জুলাইকে গুরুত্ব দিতে চান না। জুলাই কারা সংগঠিত করেছে—এর উত্তর খুঁজলে নির্বাক চলচ্চিত্রেও আপনাদের নায়কের নাম লেখা হবে না। এখানে নায়ক ছাত্ররা। তারা হাজার হাজার মানুষকে সঙ্গে নিয়ে জুলাই বিপ্লব ঘটিয়েছে। আমরাও পেছনে ছিলাম, আপনারাও পেছনে ছিলেন; কিন্তু নায়কের জায়গায় আপনাদের নাম থাকবে না—এই চিন্তা থেকেই আপনারা জুলাইকে ইতিহাসের পাতায় জায়গা দিতে চান না।”
তিনি বলেন, “জুলাই যারা সংঘটিত করেছে, জুলাইতে যারা নেতৃত্ব দিয়েছে, জুলাইতে যারা জীবন দিয়েছে, জুলাইতে যারা মানুষকে সঙ্গে নিয়ে দিনের পর দিন ডিজিএফআই, এনএসআই ও এসবির চোখ ফাঁকি দিয়ে রাস্তায় জীবনযাপন করেছে—এটা খুঁজতে গেলে আপনার দলের নেতাকর্মীদের মাইক্রোস্কোপ দিয়েও পাওয়া যাবে না।”
তিনি আরও বলেন, “রাবি, ঢাবি, চবি, জাবি, জবি এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যদি অনলাইনে যোগাযোগ করে একাট্টা হয়ে এক মঞ্চে আসতে পারে, তাহলে জুলাই সনদ বাস্তবায়ন করা ছাড়া আপনাদের সামনে আর কোনো বিকল্প থাকবে না।”
শিশির মনির বলেন, “আমরা দেখতে পাই, বিএনপির মধ্যেও কিছু মানুষ আছেন যারা সরকারের এই আচরণে বিব্রতবোধ করছেন। কারণ তারা কষ্ট করেছেন, জীবন দিয়েছেন। অথচ তাদের কষ্ট দিয়ে একশ্রেণির বিএনপি নেতা এসেছেন; তারা জুলাই বিপ্লব, জুলাইয়ের ধারণা, রক্ত ও আত্মত্যাগকে ধারণ না করে বিদেশ থেকে এসে বড় বড় কথা বলে জুলাই বিপ্লবকে নষ্ট করতে চান।”
রাকসুর বিতর্ক সম্পাদক ইমরান লস্করের সঞ্চালনায় সেমিনারে আরও উপস্থিত ছিলেন আমার বাংলাদেশ পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, রাকসুর সহ-সভাপতি (ভিপি) মোস্তাকুর রহমান জাহিদ, জিএস সালাহউদ্দিন আম্মার, কথাসাহিত্যিক নাজিব ওয়াদুদসহ আমন্ত্রিত অতিথিরা।







