ক্যাম্পাস

১০ এপ্রিল চবির প্রাণরসায়ন বিভাগের রজতজয়ন্তী

চবি প্রতিনিধি

শেয়ারঃ

১০ এপ্রিল চবির প্রাণরসায়ন বিভাগের রজতজয়ন্তী- খবরের থাম্বনেইল ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের রজতজয়ন্তী অনুষ্ঠান আগামী ১০ এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হবে এ রজতজয়ন্তী অনুষ্ঠান।


সোমবার (৬ এপ্রিল) দুপুর আড়াইটায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিভাগের চেয়ারম্যান ও রজতজয়ন্তী অনুষ্ঠান পরিচালনা কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. কাঞ্চন চাকমা।


এ সময় উপস্থিত ছিলেন রজতজয়ন্তী অনুষ্ঠান পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. চৌধুরী মোহাম্মদ মনিরুল হাসান এবং প্রধান সমন্বয়ক অধ্যাপক ড. মোহাম্মদ সাইদুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন অনুষ্ঠান পরিচালনা কমিটির সদস্য অধ্যাপক ড. দ্বৈপায়ন সিকদার, অধ্যাপক ড. মোহাম্মদ মনিরুল ইসলাম ও অধ্যাপক ড. সুমন মজুমদার।


লিখিত বক্তব্যে অনুষ্ঠান পরিচালনা কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. কাঞ্চন চাকমা বলেন, “স্মৃতির পাতায় প্রাণের স্পন্দন, পঁচিশের গৌরবে বায়োকেমিস্টদের মেলবন্ধন”—এই স্লোগানকে ধারণ করে অনুষ্ঠিত হবে রজতজয়ন্তী উৎসব। এতে সবচেয়ে আনন্দময় দিকটি হলো বিভাগের বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের মহামিলন। গত ২৫ বছরে এই বিভাগ থেকে পাস করা কৃতী শিক্ষার্থীরা, যারা আজ দেশে ও বিদেশে চিকিৎসা, গবেষণা, জৈবপ্রযুক্তি, শিক্ষকতা এবং সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ পদে আসীন, তারা সবাই এই উৎসবে একত্রিত হবেন।


তিনি আরও বলেন, বিভাগের বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্ব অর্জনকারী বিশিষ্ট প্রাক্তন শিক্ষার্থীরা এই অনুষ্ঠানে যোগ দেবেন এবং তাঁদের জীবনের অভিজ্ঞতা ও সাফল্যের গল্প বর্তমান শিক্ষার্থীদের সামনে তুলে ধরবেন, যা নতুন প্রজন্মের প্রাণরসায়নবিদদের জন্য এক অমূল্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠবে।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফোরকান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) উপাচার্য ও বিভাগটির অধ্যাপক ড. আতিয়ার রহমান। এছাড়া অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চবির উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক।


২০০৪ সালে ৬ জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করে বিভাগটি। বর্তমানে প্রায় দুই শতাধিক শিক্ষার্থী নিয়ে বিভাগটির কার্যক্রম পরিচালিত হচ্ছে।


সম্পর্কিত খবর