ক্যাম্পাস
জবিতে নারী শিক্ষার্থীদের জন্য মাতৃত্বকালীন ছুটির নীতিমালা প্রণয়নের দাবি জকসুর

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) অধ্যয়নরত নারী শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখা এবং তাদের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করার লক্ষ্যে মাতৃত্বকালীন ছুটির নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়নের দাবি জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)।
সোমবার (৬ এপ্রিল) সাধারণ শিক্ষার্থীদের পক্ষে জকসু প্রতিনিধি সাদমান সাম্য ও মো. জাহিদ হাসানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মাতৃত্বকাল একটি নারীর জীবনের অত্যন্ত সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ সময়, যা শারীরিক, মানসিক ও সামাজিক—তিনটি দিক থেকেই বিশেষ যত্ন ও সহানুভূতির দাবি রাখে। এই সময়ে একজন নারী শিক্ষার্থীর পক্ষে নিয়মিত ক্লাস, পরীক্ষা ও অন্যান্য একাডেমিক কার্যক্রমে অংশগ্রহণ করা অত্যন্ত কষ্টসাধ্য হয়ে ওঠে। ফলে অনেক ক্ষেত্রে তারা অনাকাঙ্ক্ষিতভাবে একাডেমিক কার্যক্রম থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন এবং সেশনজটসহ নানাবিধ সমস্যার সম্মুখীন হন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্দিষ্ট সময়সীমার (যেমন ৪–৬ মাস) মাতৃত্বকালীন ছুটির ব্যবস্থা প্রণয়ন; ছুটিকালীন সময়ে উপস্থিতি সংক্রান্ত শিথিলতা প্রদান; প্রয়োজন অনুযায়ী পরীক্ষা স্থগিত বা বিকল্প পরীক্ষার সুযোগ নিশ্চিত করা; এবং ছুটি শেষে পুনরায় একাডেমিক কার্যক্রমে নির্বিঘ্নভাবে অংশগ্রহণের জন্য সহায়ক নীতিমালা প্রণয়ন করা প্রয়োজন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবান্ধব পরিবেশ ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থাকে আরও সুদৃঢ় করার লক্ষ্যে প্রস্তাবিত বিষয়গুলো বিষয়ে মাননীয় উপাচার্য সদয় ও সহানুভূতিশীল বিবেচনা করবেন এবং প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশা প্রকাশ করা হয়েছে।







