জাতীয়
জামিনে মুক্তি পেলেন ভোলায় গ্রেপ্তার জামায়াতের নারী কর্মী

জামিনে মুক্তি পেয়েছেন ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে গ্রেপ্তার জামায়াতের নারী কর্মী বিবি সাওদা।
মঙ্গলবার দুপুর ১২টা ৫৩ মিনিটে জামায়াতের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া একটি স্ট্যাটাসে বিষয়টি নিশ্চিত করা হয়। দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে ভোলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তার জামিন মঞ্জুর করেন।
গ্রেপ্তারের আগে সর্বশেষ বিবি সাওদা তার ব্যবহৃত ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে লিখেছিলেন, ‘আমরা তো চাইলে ইরান থেকে তেল আনতে পারি, তারা তো অনুমতি দিয়েছে। তাহলে দুই-তিন গুণ বেশি টাকা দিয়ে কেন ভারত থেকে তেল আনতে হবে?’
এছাড়াও তার অন্যান্য পোস্টে বিভিন্ন সময় সরকারের সমালোচনা করতে দেখা গেছে।
গত রোববার (৫ এপ্রিল) রাতে ভোলা সদর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আদর্শ একাডেমি রোডের ‘ক্ষণিকালয়’ নামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারবিরোধী লেখালেখির অভিযোগে তাকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় আটক করা হয়।
পরবর্তীতে সোমবার (৬ এপ্রিল) তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায় পুলিশ। এরপর মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে তাকে আদালতে হাজির করা হলে তার পক্ষে জামিন আবেদন করা হয়। শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন।
এ ঘটনায় মামলার এজাহারে পুলিশ উল্লেখ করে, বিবি সাওদা তার ফেসবুক আইডিতে রাষ্ট্র ও সরকারবিরোধী বিভিন্ন পোস্ট করায় ভোলা জেলা পুলিশের সাইবার ক্রাইম ইউনিট (গোয়েন্দা শাখা) অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে এবং তার ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়।
জিজ্ঞাসাবাদে তিনি ফেসবুক পোস্ট দেওয়ার বিষয়টি স্বীকার করে জানান, ফেসবুকে ভিউ বৃদ্ধির উদ্দেশ্যে সমসাময়িক রাজনীতি, রাষ্ট্র ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের (প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী) নিয়ে বিভিন্ন পোস্ট করেছেন। পুলিশ জানায়, এসব কার্যক্রম সাইবার সুরক্ষা নেট অধ্যাদেশ ২০২৫ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট।
এছাড়া তার মোবাইল ফোনে থাকা ফেসবুক পোস্টসমূহ পর্যালোচনা করে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া সম্ভব না হওয়ায় তাকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় আদালতে সোপর্দ করা হয়। পরবর্তী কার্যক্রম সম্পন্ন না হওয়া পর্যন্ত তাকে জেলহাজতে রাখার আবেদনও আদালতে করে পুলিশ।







