জাতীয়

ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজকে পাবলিক বিশ্ববিদ্যালয় করা হবে: শিক্ষামন্ত্রী

প্রাইম বাংলাদেশ ডেস্ক

শেয়ারঃ

ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজকে পাবলিক বিশ্ববিদ্যালয় করা হবে: শিক্ষামন্ত্রী- খবরের থাম্বনেইল ফটো

ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজকে পাবলিক বিশ্ববিদ্যালয়ে রুপান্তর করা হবে বলে জানান শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।


মঙ্গলবার (৭ এপ্রিল) বেলা পৌনে ১১টা থেকে নগরের টাউন হলের অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে ময়মনসিংহ শিক্ষা বোর্ড এবং ময়মনসিংহ অঞ্চলের মাদরাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্রসচিবদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।


শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেন, ‘পাকিস্তান আমলে হওয়া বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় দেখিয়েই যাচ্ছে সবাই। বিভাগীয় শহর হিসেবে ময়মনসিংহে একটি বিশ্ববিদ্যালয় দরকার। ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজকে পাবলিক বিশ্ববিদ্যালয় করা হবে। আমি আজ সময়ের কারণে সেটি পরিদর্শনে যেতে না পারলেও সেটি পরিদর্শন করে পাবলিক বিশ্ববিদ্যালয় করা হবে।’


এদিকে সভায় শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বক্তব্য শুরুর সময় গণমাধ্যমকর্মীদের সঙ্গে শিক্ষকেরা অসৌজন্যমূলক আচরণ করলে মন্ত্রীর অনুষ্ঠান বয়কট করে গণমাধ্যমকর্মীরা চলে যান। পরে বিকেল চারটার দিকে ময়মনসিংহ সিটি করপোরেশনের শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে সাংবাদিকদের ডেকে অনুষ্ঠান সম্পর্কে কথা বলেন মন্ত্রী। এ সময় গণমাধ্যমকর্মীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করা শিক্ষকদের চিহ্নিত করতে শিক্ষা বোর্ড ও জেলা পুলিশ সুপারকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী।


শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেন, এসএসসি ও এইচএসসি পরীক্ষা শিক্ষা বর্ষের মধ্যেই শেষ করার পরিকল্পনা করা হচ্ছে। বর্তমান ব্যবস্থায় অতিরিক্ত ছয় মাস সময়ে চলে যায়। সে জন্য অংশীজনদের সঙ্গে কথা বলছেন, মন্ত্রণালয়ে আলোচনা হয়েছে। এখনো কোনো সিদ্ধান্ত দেয়নি।


মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন আরও বলেন, জ্বালানিসংকট মোকাবিলায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে এক দিন অনলাইনে, এক দিন অফলাইনে ক্লাস শুরুর বিষয়ে এখনো আলোচনা চলছে। সেটি নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত আসেনি, তবে এটি হলেও শুধু মেট্রোপলিটন (মহানগর) এলাকার জন্য প্রযোজ্য হবে।


ময়মনসিংহ বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৪ (সদর) আমনের সংসদ সদস্য মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের সংসদ সদস্য মুহাম্মদুল্লাহ, সিটি করপোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মিঞা মো. নূরুল হক, কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মো. রুহুল আমিন, জেলা প্রশাসক মো. সাইফুর রহমান, জেলা পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান, ময়মনসিংহ মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম, ময়মনসিংহ শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান প্রমুখ।


সম্পর্কিত খবর