ক্যাম্পাস

বিশ্ব স্বাস্থ্য দিবসে রাকসুর প্রাথমিক চিকিৎসা সচেতনতা বিষয়ক সেমিনার

সায়েম, রাবি প্রতিনিধি

শেয়ারঃ

বিশ্ব স্বাস্থ্য দিবসে রাকসুর প্রাথমিক চিকিৎসা সচেতনতা বিষয়ক সেমিনার- খবরের থাম্বনেইল ফটো

বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) উদ্যোগে ক্যান্সার, ত্বক ও প্রাথমিক চিকিৎসা বিষয়ে সচেতনতা সেমিনার অনুষ্ঠিত হয়েছে।


মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের জামাল নজরুল ইসলাম বিজ্ঞান ভবনের ইঞ্জিনিয়ার্স গ্যালারিতে রাজশাহী মেডিকেল কলেজের বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে এ সেমিনারের আয়োজন করা হয়।


প্রায় তিন শতাধিক নিবন্ধিত শিক্ষার্থীর অংশগ্রহণে সেমিনারটি অনুষ্ঠিত হয়। এতে বক্তারা শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সঠিক স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর গুরুত্বারোপ করেন।


সেমিনারে রাকসুর সহ-সভাপতি (ভিপি) মোস্তাকুর রহমান জাহিদ বলেন, “বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাকসু নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় আজকের এই সেমিনারের আয়োজন করা হয়েছে। আপনারা জানেন, যেকোনো কাজ সফলভাবে সম্পন্ন করতে সুস্থ দেহ ও প্রফুল্ল মন অত্যন্ত জরুরি।”


তিনি আরও বলেন, “মানুষ জীবনে দুটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে প্রায়ই ভুল ধারণায় থাকে—একটি হলো অবসর সময়, অন্যটি নিজের স্বাস্থ্য। অথচ এই দুটিই মানুষের জীবনে সবচেয়ে মূল্যবান সম্পদ। স্বাস্থ্য সচেতনতা একজন মুমিন ব্যক্তির গুরুত্বপূর্ণ গুণ এবং আল্লাহ তায়ালা সচেতন ও দায়িত্বশীল ব্যক্তিকে বেশি ভালোবাসেন। আমরা এই মহৎ উদ্যোগের সার্বিক সফলতা কামনা করছি।”


ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতাল, রাজশাহীর স্কিন বিশেষজ্ঞ ও ডার্মাটোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মরিয়ম নেসা বলেন, “বিশ্ব স্বাস্থ্য দিবসে সারা বিশ্বের মানুষ ও জীবজন্তুর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে হবে। শরীরের বিভিন্ন রোগের মধ্যে ক্যান্সার অন্যতম। ক্যান্সার শরীরের যেকোনো একটি কোষ থেকে তৈরি হতে পারে। বাংলাদেশের নারীদের মধ্যে ব্রেস্ট ক্যান্সার এবং পুরুষদের মধ্যে বিভিন্ন ধরনের ক্যান্সারের ঝুঁকি রয়েছে। এসব থেকে নিরাপদ থাকতে হলে অবশ্যই স্বাস্থ্য সচেতন হতে হবে।”


তিনি আরও বলেন, “শরীরের স্বল্পমেয়াদি রোগও বড় ধরনের রোগের কারণ হতে পারে। তাই যেকোনো রোগের ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নেওয়া জরুরি। স্বাস্থ্যের বিষয়ে সর্বদা সচেতন থাকতে হবে।”


বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. মাঈন উদ্দিন বলেন, “স্বাস্থ্য সমস্যা একটি নিয়মিত বিষয়। প্রতিরোধের বিষয়ে আমরা সচেতন না হওয়ায় অনেক সময় অসুস্থ হয়ে পড়ি। সকালে দেখা যায় অধিকাংশ শিক্ষার্থী ঘুমিয়ে থাকে, ফলে হাঁটাহাঁটির মতো স্বাস্থ্য সচেতনতামূলক সুযোগগুলো তারা গ্রহণ করে না। আমি বিভিন্ন হলে গিয়ে দেখেছি, অনেক শিক্ষার্থীই স্বাস্থ্য সচেতনতা মেনে চলে না। আমরা নিজেদের বিষয়ে সচেতন না হলে কোনো ডাক্তারই আমাদের সুস্থ করতে পারবে না।”


তিনি আরও বলেন, “আমরা প্রশাসনের পক্ষ থেকে হলগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার সর্বোচ্চ চেষ্টা করছি। শিক্ষার্থীদের প্রতি আহ্বান, সবাই যেন সঠিক স্বাস্থ্য সচেতনতা মেনে চলে।”


রাকসুর বিজ্ঞান বিষয়ক সম্পাদক তোফায়েল তোফার সঞ্চালনায় সেমিনারে আরও উপস্থিত ছিলেন রাজশাহী মেডিকেল কলেজের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. আফরোজা নাজনীন আশা, আইবিএইচসিএম রাজশাহীর বিশেষজ্ঞ চিকিৎসক ডা. ফাতেমা সিদ্দিকা, রাকসুর সাধারণ সম্পাদক (জিএস) সালাউদ্দিন আম্মার, সহ-সাধারণ সম্পাদক (এজিএস) সালমান সাব্বিরসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।


সম্পর্কিত খবর