ক্যাম্পাস

জাবিতে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হলো ‘বিশ্ব স্বাস্থ্য দিবস’

সৈকত ইসলাম, জাবি প্রতিনিধি

শেয়ারঃ

জাবিতে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হলো ‘বিশ্ব স্বাস্থ্য দিবস’- খবরের থাম্বনেইল ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিকস বিভাগের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে ‘বিশ্ব স্বাস্থ্য দিবস’ পালিত হয়েছে।


মঙ্গলবার (৭ এপ্রিল) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিকস বিভাগ চত্বরে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান র‌্যালি ও দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন।


এ সময় তিনি বলেন, শিক্ষক-শিক্ষার্থীসহ সকল অংশীজনের শারীরিক ও মানসিক স্বাস্থ্য সুরক্ষায় বিশ্ববিদ্যালয় প্রশাসন বিশেষ গুরুত্বারোপ করছে। বর্তমান সময়ে শিক্ষার্থীদের মধ্যে ক্রমবর্ধমান মানসিক অস্থিরতা ও আত্মহননের প্রবণতা রোধে অভিভাবকদের সচেতন হওয়া এবং জীবনকে ইতিবাচকভাবে গ্রহণ করা জরুরি।


তিনি আরও বলেন, সুস্থ দেহই সুস্থ মনের ভিত্তি। তাই চিকিৎসা খাতে বাণিজ্যিক মানসিকতা পরিহার করে সেবাকে আরও মানবিক ও বিজ্ঞানভিত্তিক করার লক্ষ্যে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানাই।


উদ্বোধনী অনুষ্ঠানে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, জীববিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার, প্রক্টর অধ্যাপক ড. এ. কে. এম. রাশিদুল আলম, পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিকস বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক ড. মো. সাখাওয়াত হোসেনসহ বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

দিনব্যাপী কর্মসূচির আওতায় ‘রান ফর হেলথ’, পরিচ্ছন্নতা কর্মসূচি, হেলথ ক্যাম্প, বৃক্ষরোপণ, বিতর্ক প্রতিযোগিতা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।


কর্মসূচির আহ্বায়ক ও পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিকস বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক ড. মো. সাখাওয়াত হোসেন বলেন, “আমরা পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিকস বিভাগ থেকে প্রতি বছর বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করি মূলত স্বাস্থ্য বিষয়ে সচেতনতা তৈরির জন্য। স্বাস্থ্য শুধু ব্যক্তিগত বিষয় নয়, বরং এটি একটি সামষ্টিক বিষয়। একজনের আচরণ অন্যজনকে প্রভাবিত করে। তাই ‘Together for Health’ ও ‘Stay with Science’ এই প্রতিপাদ্য সামনে রেখে আমরা চাই সবাই ভালো অভ্যাস গড়ে তুলুক, খারাপ অভ্যাস পরিহার করুক এবং বৈজ্ঞানিক জ্ঞানের ভিত্তিতে একটি সুস্থ সমাজ গঠনে একসাথে কাজ করুক।”


সম্পর্কিত খবর