ক্যাম্পাস

কুয়েটে উপাচার্যের সঙ্গে শিক্ষার্থীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোহাম্মদ সাজিদুল ইসলাম, কুয়েট প্রতিনিধি

শেয়ারঃ

কুয়েটে উপাচার্যের সঙ্গে শিক্ষার্থীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত- খবরের থাম্বনেইল ফটো

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এ শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ মাছুদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল ২০২৬) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।


সভায় ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. হাসান আলী, উপ-পরিচালক সহকারী অধ্যাপক মো. মাহমুদুল আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এতে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নিয়ে সরাসরি তাদের সমস্যা, অভিযোগ ও প্রস্তাবনা তুলে ধরেন।


মেকানিক্যাল বিভাগের এক শিক্ষার্থী তাহনভীর খান বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের সীমাবদ্ধতার কথা তুলে ধরে বলেন, সেখানে পর্যাপ্ত ওষুধ ও পরীক্ষা-নিরীক্ষার সুবিধা নেই। প্রায় ৩৫ লাখ টাকার যন্ত্রপাতি থাকলেও তা ব্যবহার করা যাচ্ছে না এবং এক্স-রে সেবাও চালু নেই। পাশাপাশি দ্রুত ফল প্রকাশ ও ক্যারিয়ার গাইডলাইন চালুর দাবি জানান তিনি।


টেক্সটাইল বিভাগের এক শিক্ষার্থী আবাসিক হলে মশার উপদ্রব বৃদ্ধি পাওয়ায় মশা নিধন কার্যক্রম জোরদারের দাবি জানান। এছাড়া অন্যান্য শিক্ষার্থীরা বাস সংকট, ধীরগতির ইন্টারনেট, ডাস্টবিনের অভাব, ক্লাসরুম সংকট, আবাসিক হলের পানির সমস্যা, ডাইনিংয়ের খাবারের মান এবং ভর্তুকি পুনরায় চালুর বিষয় তুলে ধরেন। রোকেয়া হলের এক শিক্ষার্থী ঝড়-বৃষ্টির সময় ছাদের ক্ষতিগ্রস্ত অংশ থেকে সিলিং ভেঙে পড়ার আশঙ্কার কথাও জানান।


এছাড়া ভুয়া সামাজিক যোগাযোগমাধ্যম পেজের মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো, ক্যাম্পাসে শৃঙ্খলা রক্ষা এবং সাংস্কৃতিক কার্যক্রম বৃদ্ধির বিষয়েও শিক্ষার্থীরা মতামত দেন।


উপ-পরিচালক মো. মাহমুদুল আলম বলেন, ক্যাম্পাসে বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে ক্যাফেটেরিয়া আধুনিকায়ন, জিমনেশিয়ামের সরঞ্জাম মেরামত ও নতুন সরঞ্জাম সংযোজন, সুইমিং পুল চালু এবং পহেলা বৈশাখ উপলক্ষে ক্যাম্পাসকে আরও আকর্ষণীয় করে তোলার পরিকল্পনা রয়েছে।


ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. হাসান আলী বলেন, শিক্ষার্থীদের সমস্যা সমাধানে প্রশাসন সবসময় উন্মুক্ত। ছাত্রকল্যাণ কেন্দ্রের পরিষ্কার-পরিচ্ছন্নতা, ওয়াশরুম উন্নয়ন, ক্যাফেটেরিয়া সংস্কার এবং সুপেয় পানির ব্যবস্থা নিশ্চিত করতে কাজ চলছে।


উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ শিক্ষার্থীদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং একাডেমিক ও গবেষণামূলক কার্যক্রমে আরও গুরুত্ব দেওয়ার ওপর জোর দেন। তিনি বলেন, শিক্ষার্থী-শিক্ষকের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও কার্যকর যোগাযোগ বজায় রাখা জরুরি।


তিনি জানান, শিক্ষার্থীদের একাডেমিক চাপ কমাতে চূড়ান্ত পরীক্ষার ওপর নির্ভরতা কমিয়ে মধ্যবর্তী মূল্যায়ন পদ্ধতি চালুর প্রস্তাব একাডেমিক কাউন্সিলে আলোচনাধীন রয়েছে এবং আগামী সেমিস্টার থেকে তা বাস্তবায়িত হতে পারে।


আবাসন সংকট নিরসনে ১২০০ আসনবিশিষ্ট দুটি নতুন হল নির্মাণাধীন রয়েছে বলেও জানান উপাচার্য। তিনি আরও বলেন, মেডিকেল সেন্টারে এক মাসের মধ্যে এক্স-রে সেবা চালু করা হবে। পাশাপাশি আধুনিক পরীক্ষার যন্ত্র এবং ডেন্টাল সেবা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। দীর্ঘদিন অচল থাকা প্রায় ১৬ কোটি টাকার ল্যাব যন্ত্রপাতি সচল করার উদ্যোগও চলছে।

আন্তর্জাতিক পর্যায়ে শিক্ষার্থীদের সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও কানাডার শিল্পপ্রতিষ্ঠানে ইন্টার্নশিপের ব্যবস্থা করা হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি। এছাড়া তথ্যপ্রযুক্তি পার্ককে বিশ্ববিদ্যালয়ের অধীনে এনে শিক্ষার্থীদের স্টার্টআপ কার্যক্রমে সম্পৃক্ত করার পরিকল্পনা রয়েছে।


সভায় উপাচার্য চার বছর মেয়াদি উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের কথাও জানান এবং বলেন, এর সফলতা শিক্ষার্থীদের মাধ্যমেই মূল্যায়িত হবে।


মতবিনিময় সভায় খোলামেলা আলোচনার সুযোগ পেয়ে শিক্ষার্থীরা সন্তোষ প্রকাশ করেন এবং ঘোষিত উদ্যোগগুলোর দ্রুত বাস্তবায়নের প্রত্যাশা ব্যক্ত করেন।


সম্পর্কিত খবর