জাতীয়
স্পিকারের সঙ্গে ইউএনডিপি'র আবাসিক প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপি'র সাথে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন ইউএনডিপি'র আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার।
ইউএনডিপি'র উপ-আবাসিক প্রতিনিধি সোনালি দয়ারত্নে, সহকারী আবাসিক প্রতিনিধি আনোয়ারুল হক, সহকারী প্রোগ্রাম উপদেষ্টা গভর্ন্যান্স ড্রাগন পপোভিক এবং সিনিয়র গভর্ন্যান্স স্পেশালিষ্ট তানভীর মাহমুদ এ সময় উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে তারা ই-গভর্ন্যান্স, ই-পার্লামেন্ট ও সংসদীয় স্থায়ী কমিটির বিভিন্ন কর্মকান্ড, জাতীয় সংসদের অধিবেশন, সংসদের কার্যপ্রণালি বিধিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, ইউএনডিপি ও জাতীয় সংসদের মধ্যে সহযোগিতার ক্ষেত্রগুলো নির্ধারণ করতে হবে। ইউএনডিপি নতুন সংসদ সদস্যদের জন্য ওরিয়েন্টেশন কোর্সের মাধ্যমে তাদের প্রাথমিক দায়িত্ব, কার্যাবলি এবং এখতিয়ারের বিষয় নিয়ে আলোচনায় সহযোগিতা করতে পারে।
তিনি বলেন, সংসদ সদস্যদের মধ্য হতে বিশেষ করে নারী সংসদ সদস্যগণের একটি প্রতিনিধিদল ইউএনডিপি'র সাথে দ্বিপাক্ষিক সফর বিনিময় করতে পারে।
স্পিকার বলেন, বর্তমান সংসদে বিরোধী দল খুবই সহযোগিতামূলক ভূমিকা পালন করছে। সরকার সংবিধানের প্রয়োজনীয় সংশোধনে খুবই উদার ও সচেষ্ট।
তিনি বলেন, সংসদে ডিজিটাইজড লাইব্রেরি ব্যবস্থার প্রবর্তন, অধিবেশনকালীন দিনের কার্যসূচিতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার, সংসদের নিজস্ব প্রিন্টিং ও প্রেস থাকা অত্যাবশ্যক।
স্টেফান লিলার বলেন, বর্তমান সংসদ অত্যন্ত প্রাণবন্ত। ইউএনডিপি বাংলাদেশ ও জাতীয় সংসদের দীর্ঘদিনের বিশ্বস্ত সহযোগী। ইউএনডিপি’র সহযোগিতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এসময় তারা চলমান জ্বালানি সংকট ও গণতান্ত্রিক ব্যবস্থা নিয়ে মতবিনিময় করেন। এই পরিস্থিতিতে ইউরোপের দেশগুলো যেমন- যুক্তরাজ্য, জার্মানি ও ফ্রান্সের নিরপেক্ষ অবস্থানের প্রশংসা করেন।
সাক্ষাৎকালে ইউএনডিপির সংসদ বিষয়ক ফোকাল পার্সন মাহমুদুল হাসানসহ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।







