ক্যাম্পাস

সাবেক শিক্ষার্থীদের জন্য রুয়েটের ডিজিটাল কানেক্টিভিটি প্ল্যাটফর্ম চালু

রুয়েট প্রতিনিধি

শেয়ারঃ

সাবেক শিক্ষার্থীদের জন্য রুয়েটের ডিজিটাল কানেক্টিভিটি প্ল্যাটফর্ম চালু- খবরের থাম্বনেইল ফটো

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)-এ সাবেক শিক্ষার্থীদের সংযোগ স্থাপন ও সমন্বয়ের লক্ষ্যে ‘রুয়েট অ্যালামনাই নেটওয়ার্ক’ নামে একটি অফিসিয়াল ওয়েবসাইট উদ্বোধন করা হয়েছে। গত ৭ এপ্রিল দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ প্ল্যাটফর্মটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।


ছাত্রকল্যাণ দপ্তরের ক্যারিয়ার প্ল্যানিং অ্যান্ড অ্যালামনাই প্লেসমেন্ট সেন্টারের পরিচালক এবং ছাত্রকল্যাণ দপ্তরের সহকারী পরিচালক আবু ইসমাঈল সিদ্দিকী সাইফের তত্ত্বাবধানে ও শিক্ষার্থীদের সক্রিয় সহযোগিতায় প্ল্যাটফর্মটি তৈরি করা হয়েছে। এর মাধ্যমে দেশ-বিদেশে ছড়িয়ে থাকা প্রায় লক্ষাধিক রুয়েট অ্যালামনাইকে একটি কেন্দ্রীয় প্ল্যাটফর্মে সংযুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।


উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রুয়েটের উপাচার্য অধ্যাপক ড. এস. এম. আব্দুর রাজ্জাক, ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার, গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. আব্দুল খালেক, ছাত্রকল্যাণ দপ্তরের উপ-পরিচালক অধ্যাপক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ এবং আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মো. সামিউল হাবিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।


নতুন এই ওয়েবসাইটে অ্যালামনাইদের জন্য রয়েছে বেশ কয়েকটি আধুনিক সুবিধা। এর মধ্যে রয়েছে অভ্যন্তরীণ নেটওয়ার্কিং, চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ ও চাকরি অনুসন্ধান, ব্লগ পোস্টিং, এলাকাভিত্তিক রক্তদাতা অনুসন্ধান, ব্রডকাস্ট সুবিধা, বিভিন্ন অনুষ্ঠান আয়োজন ও প্রচারণা এবং দুর্যোগ বা মানবিক সহায়তার জন্য ফান্ড রেইজিংয়ের ব্যবস্থা।


ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার বলেন, “বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটরা দেশ-বিদেশের বিভিন্ন সেক্টরে দায়িত্ব পালন করছেন। তাদের তথ্য সংগ্রহ ও যোগাযোগ ব্যবস্থা সহজতর করার পাশাপাশি বর্তমান শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা ও পরামর্শ প্রদানের লক্ষ্যেই ‘রুয়েট অ্যালামনাই নেটওয়ার্ক’ ওয়েবসাইটটি তৈরি করা হয়েছে। আজ এটি আনুষ্ঠানিকভাবে চালু হলো।” তিনি উপাচার্যসহ ছাত্রকল্যাণ দপ্তর ও ওয়েবসাইট বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।


ওয়েবসাইটটির (https://alumni.ruet.ac.bd) ডেভেলপমেন্ট টিমের সদস্য, ইলেক্ট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইটিই) বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাহরিয়ার রহমান জানান, “প্রাথমিকভাবে এটি আমাদের বিভাগীয় প্রজেক্ট হিসেবে শুরু হয়। পরবর্তীতে সাইফ স্যারের আগ্রহ ও নির্দেশনায় প্রকল্পটি প্রোডাকশন লেভেলে উন্নীত হয়।”


তিনি আরও বলেন, “এটি রুয়েটের প্রথম অফিসিয়াল অ্যালামনাই প্ল্যাটফর্ম। এখানে অ্যালামনাইদের কর্মস্থল, উচ্চশিক্ষা, গবেষণা, ঠিকানা ও যোগাযোগের তথ্য কেন্দ্রীয়ভাবে সংরক্ষণ করা হবে। এর ফলে অ্যালামনাইদের মধ্যে সমন্বিত যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠবে এবং বর্তমান শিক্ষার্থীরা সহজেই তাদের কাছ থেকে দিকনির্দেশনা পাবেন। ইতোমধ্যে ব্লগ, ব্লাড ডোনেশন ও ফান্ড রেইজিংয়ের মতো গুরুত্বপূর্ণ ফিচার যুক্ত হয়েছে এবং ভবিষ্যতে আরও উন্নত ফিচার সংযোজনের পরিকল্পনা রয়েছে।”


এই উদ্যোগের মাধ্যমে রুয়েটের অ্যালামনাইদের মধ্যে একটি শক্তিশালী ও কার্যকর নেটওয়ার্ক গড়ে উঠবে বলে আশা করা হচ্ছে। একইসঙ্গে বর্তমান শিক্ষার্থীদের কর্মসংস্থান, দক্ষতা বিকাশ ও পারস্পরিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন প্ল্যাটফর্মটিকে আরও সমৃদ্ধ করার লক্ষ্যে কার্যক্রম অব্যাহত রাখবে বলে জানিয়েছে।


সম্পর্কিত খবর