ক্যাম্পাস
জাতীয় উশু জাজেস ট্রেনিং কোর্সে সুযোগ পেলেন যবিপ্রবির ইসমাইল

বাংলাদেশ উশু ফেডারেশন আয়োজিত ‘জাতীয় উশু জাজেস ট্রেনিং কোর্স–২০২৬’-এ অংশগ্রহণের সুযোগ পেয়েছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষার্থী ইসমাইল হোসেন। তিনি বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগে মাস্টার্সে অধ্যয়নরত।
বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের অর্থায়ন ও সার্বিক সহযোগিতায় এবং বাংলাদেশ উশু ফেডারেশনের ব্যবস্থাপনায় আয়োজিত এ প্রশিক্ষণ কর্মসূচিতে দেশের ৪০ জন কোচ অংশগ্রহণের সুযোগ পেয়েছেন। প্রশিক্ষণটি পরিচালনা করছেন আন্তর্জাতিক উশু ফেডারেশন মনোনীত এলিট কোচ—চীনের সাবেক উশু বিশ্বকাপজয়ী কোচ মি. জ্যাং কুন (সান্দা) এবং মি. লি ফুকুই (তাউলু)।
রাজধানীর মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত কোর্সটি ৬ এপ্রিল শুরু হয়ে ১৬ এপ্রিল পর্যন্ত চলবে। প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের তাত্ত্বিক ও ব্যবহারিক পরীক্ষার মাধ্যমে মূল্যায়ন করা হবে। কোর্স শেষে অংশগ্রহণকারীদের সনদপত্র প্রদান করা হবে। সমাপনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর উপস্থিত থাকার কথা রয়েছে।
নিজের অনুভূতি ব্যক্ত করে ইসমাইল হোসেন বলেন, “আমি একজন সাবেক জাতীয় উশু খেলোয়াড়। বর্তমানে জাতীয় জাজ ও কোচ হিসেবে কাজ করছি এবং ফেডারেশনের জাজেস কোর্স থেকে লাইসেন্সপ্রাপ্ত। পাশাপাশি শিশু ও যুবদের জন্য দীর্ঘমেয়াদি (সাদা থেকে কালো বেল্ট) প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছি। উশু একটি পূর্ণাঙ্গ চাইনিজ মার্শাল আর্ট, যেখানে শরীরের সব অঙ্গ ও অস্ত্র ব্যবহারের দক্ষতা অর্জন করা যায়। আমি স্পোর্টস সাইন্সের জ্ঞান কাজে লাগিয়ে তৃণমূল থেকে আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরি করতে চাই।”
তিনি আরও বলেন, “ফেডারেশনের বর্তমান নেতৃত্বের ধারাবাহিক সহযোগিতা অব্যাহত থাকলে ভবিষ্যতে দক্ষ জাজ ও কোচ তৈরি করা সম্ভব হবে। ইনশাআল্লাহ, বাংলাদেশের উশুকে বিশ্বমঞ্চে এগিয়ে নেওয়াই আমার লক্ষ্য।”







