ক্যাম্পাস
প্রশাসনের প্রতিটি কাজের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: জবি উপাচার্য

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. মো. রইস উদ্দীন বলেছেন, প্রশাসনের প্রতিটি কাজের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে এবং একই সঙ্গে সংশ্লিষ্ট সবার মধ্যে দায়বদ্ধতা প্রতিষ্ঠা করতে হবে। তিনি বলেন, “আজ আমি বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলীকে বলেছি, সকাল ৮টায় এসে হাজিরা দিয়ে কাজ বুঝে নিয়ে যাবেন এবং বিকেলে যাওয়ার আগে কতটুকু কাজ করতে পেরেছেন তা আমাকে জানাবেন।”
বুধবার (৮ এপ্রিল) বেলা ১২টায় সমাজবিজ্ঞান বিভাগের আয়োজনে ‘ক্যারিয়ার পরিকল্পনা ও জেন্ডার সচেতনতা’ বিষয়ক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, সীমিত সম্পদ নিয়েও দক্ষতা ও কার্যক্ষমতার মাধ্যমে এগিয়ে যেতে হবে। শিক্ষার্থীদের কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, তাদের উন্নয়নে বিশ্ববিদ্যালয় প্রশাসন সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত। তিনি আরও বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রত্যেকেই জীবনসংগ্রামী। তাদের যথাযথ মূল্যায়ন করা হলে তারা যেকোনো প্রতিষ্ঠানে নিজেদের সক্ষমতার সর্বোচ্চ প্রমাণ দিতে পারবে।
জানা যায়, সেমিনারে মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন এডকম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নাজিম ফারহান চৌধুরী। অনুষ্ঠানে এডফার্ম নামের একটি প্রতিষ্ঠানের সঙ্গে সমাজবিজ্ঞান বিভাগের পাঁচজন শিক্ষার্থীর ইন্টার্নশিপের সুযোগ সৃষ্টির লক্ষ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এটি শিক্ষার্থীদের বাস্তবমুখী অভিজ্ঞতা অর্জনে সহায়ক হবে।
সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শারমিন বলেন, প্রাতিষ্ঠানিক সহযোগিতা বৃদ্ধি এবং বিভিন্ন সুযোগ সৃষ্টি করা গেলে শিক্ষার্থীদের দক্ষতা আরও উন্নত হবে, যা তাদের ভবিষ্যৎ কর্মজীবনে ইতিবাচক প্রভাব ফেলবে।
সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ফারহানা জামানের সভাপতিত্বে এবং আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. রফিকুল ইসলামের সঞ্চালনায় সেমিনারে বিভাগীয় শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।







