ক্যাম্পাস

রাবিতে ছাত্রশিবিরের আয়োজিত মেডিকেল ক্যাম্পে ফ্রি স্বাস্থ্যসেবা পেল প্রায় এক হাজার শিক্ষার্থী

রাবি প্রতিনিধি

শেয়ারঃ

রাবিতে ছাত্রশিবিরের আয়োজিত মেডিকেল ক্যাম্পে ফ্রি স্বাস্থ্যসেবা পেল প্রায় এক হাজার শিক্ষার্থী- খবরের থাম্বনেইল ফটো

বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রশিবিরের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। এতে ক্যাম্পাসের প্রায় এক হাজার শিক্ষার্থী ফ্রি স্বাস্থ্যসেবা গ্রহণ করেছে।


বুধবার (৮ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের পরিবহন ও টুকিটাকি চত্বরে ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক পৃথক বুথে এই সেবা প্রদান করা হয়। ক্যাম্পটি সকাল সাড়ে ১০টায় শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত চলেছে। দিনব্যাপী এই মেডিকেল ক্যাম্পে অভিজ্ঞ চিকিৎসকরা শিক্ষার্থীদের গাইনী, স্কিন, ডেন্টাল ও মেডিসিন বিষয়ক চিকিৎসা প্রদান করেছেন। চিকিৎসার পাশাপাশি শিক্ষার্থীদের প্রয়োজনীয় ঔষধও বিনামূল্যে দেওয়া হয়েছে।


সেবা গ্রহণ করা রাষ্টবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ওসামা হোসেন নাহিদ বলেন, “আমি দীর্ঘদিন ধরে স্কিন জনিত সমস্যায় ভুগছিলাম। আজ ছাত্রশিবিরের ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেয়ে খুব ভালো লাগছে। অন্য কোথাও গেলে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে চিকিৎসা নিতে হতো, কিন্তু এখানে ক্যাম্পাসে সহজেই চিকিৎসা পেয়েছি এবং প্রয়োজনীয় ওষুধও পেয়েছি। ছাত্রশিবিরের এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে আশা করছি এবং তাদের ধন্যবাদ জানাই।”


মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহা: মাইন উদ্দিন বলেন, “ছাত্রশিবির, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজনের মাধ্যমে একটি প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেছে। অন্যান্য স্থানে অনেক সময় রোগীদের ডাক্তার দেখার জন্য দীর্ঘ অপেক্ষা করতে হয়, কিন্তু এখানে ডাক্তাররা সরাসরি ক্যাম্পাসে এসে শিক্ষার্থীদের চিকিৎসা সেবা দিচ্ছেন। এটি সত্যিই একটি বড় অর্জন।”


তিনি আরও বলেন, “ছাত্র সংগঠনগুলো যদি এই ধরনের ওয়েলফেয়ার প্রোগ্রাম পরিচালনা করে, তাহলে ক্যাম্পাসে একটি পজিটিভ প্রতিযোগিতার পরিবেশ সৃষ্টি হবে। শীতকালে আমরা ছাত্র-ছাত্রীদের মধ্যে হানাহানি ও মারামারির খবর শুনেছি, যা শিক্ষার্থীদের জন্য কষ্টের কারণ ছিল। কিন্তু ৫ই আগস্টের বিপ্লবের পর থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতিতে সুস্থ ধারা লক্ষ্য করা যাচ্ছে।”


সেবাদানের সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি মুজাহিদ ফয়সাল বলেন, “বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে ছাত্রশিবির একটি ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে। এখানে ছাত্র ও ছাত্রীদের জন্য পৃথক বুথের ব্যবস্থা করা হয়েছে। টুকিটাকি চত্বরে ছাত্রীদের জন্য আলাদা বুথ নির্ধারণ করা হয়েছে এবং ছাত্রদের জন্যও পৃথক বুথ রাখা হয়েছে।

ছাত্রদের বুথে মেডিসিন, ডেন্টাল ও স্কিন বিশেষজ্ঞরা সেবা দিচ্ছেন। অপরদিকে ছাত্রীদের বুথে মেডিসিন, ডেন্টাল, স্কিনের পাশাপাশি গাইনী বিশেষজ্ঞরাও উপস্থিত রয়েছেন। এই আয়োজনটি বিকেল তিনটা পর্যন্ত চলবে। ডাক্তারের পরামর্শের পাশাপাশি প্রয়োজনীয় ওষুধও প্রদান করা হচ্ছে। ছাত্রশিবির বরাবরই শিক্ষার্থীদের শিক্ষা, গবেষণা, স্বাস্থ্যসহ বিভিন্ন ক্ষেত্রে কাজ করে আসছে এবং এই কার্যক্রমগুলো ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”


তিনি আরও বলেন, “ইতোমধ্যে আমরা ব্যাপক সাড়া পাচ্ছি, বিশেষ করে ছাত্রীদের অংশগ্রহণ বেশি লক্ষ্য করা যাচ্ছে। আশা করছি, এই উদ্যোগের মাধ্যমে সবাই উপকৃত হবে। শিক্ষার্থীদের সুস্থতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। তারা যেন সহজে চিকিৎসাসেবা পায় এবং স্বাস্থ্য সম্পর্কে সচেতন হয়, সে লক্ষ্যেই আমাদের এই উদ্যোগ। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”


সম্পর্কিত খবর