ক্যাম্পাস
যবিপ্রবিতে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগে উপাচার্য বরাবর স্মারকলিপি

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)-এর প্রধান ফটক থেকে কেন্দ্রীয় মসজিদ পর্যন্ত স্বল্প দৈর্ঘ্যের প্রায় ১০০ মিটার সড়ক নির্মাণকাজে অনিয়মের অভিযোগ এনে উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেছে যবিপ্রবির জাতীয়তাবাদী শিক্ষার্থী ফোরাম।
বুধবার (৮ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে উপাচার্যের কার্যালয়ে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদের হাতে এ স্মারকলিপি তুলে দেন শিক্ষার্থীরা।
স্মারকলিপিতে বলা হয়, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সম্প্রতি নির্মিত প্রায় ১০০ মিটার সড়কের নির্মাণকাজ শেষ হওয়ার অল্প সময়ের মধ্যেই সড়কের বিভিন্ন স্থানে পিচ উঠে যাওয়া, ফাটল দেখা দেওয়া এবং ক্ষয়ের মতো সমস্যা লক্ষ্য করা যাচ্ছে। বিষয়টি নির্মাণকাজের মান নিয়ে প্রশ্ন তুলেছে এবং শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।
এতে আরও বলা হয়, নির্মাণকাজে নিম্নমানের উপকরণ ব্যবহার, যথাযথ প্রকৌশল মানদণ্ড অনুসরণ না করা এবং কাজের তদারকিতে গাফিলতির কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
স্মারকলিপিতে দাবি জানানো হয়, উক্ত সড়ক নির্মাণকাজে কোনো অনিয়ম বা দুর্নীতি হয়েছে কি না তা নিরপেক্ষভাবে তদন্ত করতে হবে। একই সঙ্গে নির্মাণকাজে ব্যবহৃত উপকরণ ও কাজের মান যাচাইয়ের জন্য একটি বিশেষজ্ঞ কমিটি গঠনের আহ্বান জানানো হয়। এছাড়া তদন্তের মাধ্যমে দায়ীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে যথাযথ প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবিও জানানো হয়।
পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের নিম্নমানের নির্মাণকাজ প্রতিরোধে কার্যকর নজরদারি ব্যবস্থা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।







