ক্যাম্পাস

ছাত্রদলের স্মারকলিপি: রাজনৈতিক স্বার্থে জাকসু ব্যবহারের অভিযোগ, তদন্ত ও ব্যবস্থা দাবি

জাবি প্রতিনিধি

শেয়ারঃ

ছাত্রদলের স্মারকলিপি: রাজনৈতিক স্বার্থে জাকসু ব্যবহারের অভিযোগ, তদন্ত ও ব্যবস্থা দাবি- খবরের থাম্বনেইল ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) রাজনৈতিক স্বার্থ হাসিলের হাতিয়ার হিসেবে ব্যবহারের অভিযোগ তুলে, তদন্ত এবং দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের দাবিতে জাকসুর সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান বরাবর স্মারকলিপি জমা দিয়েছেন শাখা ছাত্রদলের কয়েকজন কর্মী।


বুধবার (৮ এপ্রিল) বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অফিসে এই স্মারকলিপি প্রদান করা হয়।


এ সময় শিক্ষার্থীরা তিনটি দাবি উপস্থাপন করেন:

১. জাকসুর নাম, প্যাড এবং প্ল্যাটফর্ম ব্যবহার করে ব্যক্তিগত বা দলীয় রাজনৈতিক কার্যক্রম বন্ধ করা।

২. পূর্বে ঘটে যাওয়া ঘটনাগুলোর সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা গ্রহণ।

৩. জাকসুর সকল কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং নিরপেক্ষতা নিশ্চিত করা।


স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে যে, জাকসু শিক্ষার্থীদের অধিকার ও স্বার্থ রক্ষার একটি নিরপেক্ষ প্ল্যাটফর্ম হলেও সাম্প্রতিক সময়ে এটিকে ব্যক্তিগত ও গোষ্ঠীগত রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের চেষ্টা লক্ষ্য করা যাচ্ছে। এতে সংগঠনটির মর্যাদা ক্ষুণ্ণ হওয়ার পাশাপাশি সাধারণ শিক্ষার্থীদের আস্থাও ক্ষতিগ্রস্ত হচ্ছে।


স্মারকলিপিতে আরও বলা হয়েছে, জাকসু কোনো ব্যক্তি বা দলের স্বার্থ রক্ষার স্থান নয়; এটি সকল শিক্ষার্থীর প্রতিনিধিত্বমূলক প্রতিষ্ঠান। তাই এ ধরনের কার্যক্রম বন্ধে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।


সম্পর্কিত খবর