ক্যাম্পাস
রুয়েটে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের সম্ভাব্য ওরিয়েন্টেশন ৯ মে, ক্লাস শুরু ১০ মে

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)-এর ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক ভর্তির চতুর্থ ধাপ সম্পর্কিত বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে ভর্তির প্রক্রিয়ার পাশাপাশি ওরিয়েন্টেশন ও ক্লাস শুরুর সম্ভাব্য সময়সূচিও উল্লেখ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও ভর্তি পরীক্ষা কমিটির সদস্য সচিব আরিফ আহম্মদ চৌধুরী এবং কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. নুরুল ইসলামের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সম্ভাব্যভাবে আগামী ৯ মে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হবে এবং ১০ মে থেকে ক্লাস শুরু হতে পারে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ইতোমধ্যে তিন ধাপে মেধাতালিকার ভিত্তিতে ভর্তি কার্যক্রম সম্পন্ন করে প্রায় ৯২ শতাংশ আসন পূরণ হয়েছে। অবশিষ্ট আসন পূরণের লক্ষ্যে ৭ এপ্রিল চতুর্থ ধাপের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, চতুর্থ ধাপে মনোনীত প্রার্থীদের অনলাইন আবেদন সম্পন্ন করে আগামী ২১ এপ্রিল সকাল ১০টায় রুয়েট গেস্ট হাউসে সরাসরি উপস্থিত হতে হবে। এ সময় প্রার্থীদের প্রয়োজনীয় কাগজপত্র যাচাই, স্বাস্থ্য পরীক্ষা এবং নির্ধারিত ফি জমা দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন হবে। স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত মেডিকেল বোর্ডের অধীনে প্রার্থীদের শারীরিক সক্ষমতা যাচাই করা হবে। এতে রক্ত পরীক্ষাসহ কিছু মৌলিক স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক। কোনো প্রার্থী স্বাস্থ্য পরীক্ষায় অনুপযুক্ত বিবেচিত হলে তার ভর্তি বাতিল হতে পারে।
ভর্তি কার্যক্রমে অংশগ্রহণের সময় প্রার্থীদের সনদপত্র, নম্বরপত্র, প্রবেশপত্র, রেজিস্ট্রেশন কার্ডসহ প্রয়োজনীয় সকল কাগজপত্র সঙ্গে আনতে হবে। নির্ধারিত ভর্তি ফি পরিশোধ করতে হবে, যা কোনো অবস্থাতেই ফেরতযোগ্য নয়। এছাড়া বিভাগ নির্বাচন, কোটা সংক্রান্ত নির্দেশনা এবং অন্যান্য শর্তাবলি বিজ্ঞপ্তিতে বিস্তারিতভাবে উল্লেখ রয়েছে। ভর্তি সংক্রান্ত সর্বশেষ তথ্য বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে।
ভর্তি প্রক্রিয়ার অংশ হিসেবে ‘অটো মাইগ্রেশন’ সুবিধা চালু থাকবে। নির্ধারিত সময়ের মধ্যে প্রার্থীরা তাদের ড্যাশবোর্ড থেকে এই সুবিধা চালু বা বন্ধ করতে পারবেন। এর মাধ্যমে আসন খালি থাকা সাপেক্ষে উচ্চতর পছন্দের বিভাগে স্থানান্তরের সুযোগ মিলবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সকল প্রার্থীকে নির্ধারিত সময়সূচি ও নির্দেশনা যথাযথভাবে অনুসরণের আহ্বান জানিয়েছে।







