ক্যাম্পাস

জবি’র প্রতিনিধিত্বে আন্তর্জাতিক কনফারেন্সে রসায়ন বিভাগের পাঁচ শিক্ষার্থী

জবি প্রতিনিধি

শেয়ারঃ

জবি’র প্রতিনিধিত্বে আন্তর্জাতিক কনফারেন্সে রসায়ন বিভাগের পাঁচ শিক্ষার্থী- খবরের থাম্বনেইল ফটো

সেন্ট্রাল ইনস্টিটিউট অব এডুকেশন, ইনোভেশন অ্যান্ড এন্টারপ্রেনারশিপ এবং সেন্ট্রাল ইনস্টিটিউট অব পেট্রোকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির আয়োজনে ‘দ্বিতীয় আন্তর্জাতিক অ্যাডভান্স ইন কেমিক্যাল অ্যান্ড ম্যাটেরিয়ালস সায়েন্স ২০২৬’ কনফারেন্সে বাংলাদেশ থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে রসায়ন বিভাগের পাঁচ শিক্ষার্থী।


আগামী ১২–১৪ এপ্রিল ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিতব্য এসিএমএস–২০২৬ কনফারেন্সে অংশ নেবেন রসায়ন বিভাগের স্নাতকোত্তরের পাঁচ শিক্ষার্থী। তারা হলেন—অমৃত রায়, নাঈম হোসেন, মো. আল-ইমরান, আতিকুল ইসলাম ও মো. স্বপন হোসাইন। কনফারেন্সে তারা পোস্টার ও ওরাল প্রেজেন্টেশনের মাধ্যমে তাদের গবেষণাকর্ম উপস্থাপন করবেন।


উক্ত শিক্ষার্থীদের সাক্ষাৎকালে শুভেচ্ছা জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রইছ উদ্দীন। তিনি বলেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করে তাদের ভারতে অংশগ্রহণ করা অত্যন্ত গর্বের বিষয়। আন্তর্জাতিক কনফারেন্সে অংশগ্রহণ তাদের জন্য যেমন অর্জন, তেমনি বিশ্ববিদ্যালয়ের জন্যও গৌরবের।”


গবেষণা পরিচালক অধ্যাপক ড. ইমরানুল হক বলেন, “বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি হয়ে আন্তর্জাতিক কনফারেন্সে অংশগ্রহণ করা নিঃসন্দেহে আনন্দের বিষয়। এ ধরনের গবেষণামূলক কর্মকাণ্ডে শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সুনাম আরও বৃদ্ধি করবে।”


রসায়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আমিনুল হক বলেন, “আমাদের রসায়ন বিভাগের ১৪তম ব্যাচের পাঁচজন শিক্ষার্থী ভারতের যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সেমিনারে অংশগ্রহণ করবে এবং সেখানে তাদের গবেষণাকর্ম উপস্থাপন করবে। আমরা আশা করি, ভবিষ্যতেও আমাদের শিক্ষার্থীরা আন্তর্জাতিক অঙ্গনে অংশ নিয়ে বিভাগের ও বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি উজ্জ্বল করবে। এজন্য ড. জগদীশ চন্দ্র সরকার ও জনাব ইলিয়াস স্যারকে ধন্যবাদ, যারা শিক্ষার্থীদের উৎসাহিত করেছেন।”


উল্লেখ্য, ম্যাটেরিয়ালস সায়েন্স রিসার্চ ল্যাবের শিক্ষার্থীরা এ কনফারেন্সে তাদের চারটি গবেষণাকর্ম উপস্থাপন করবেন। শিক্ষার্থীদের ভ্রমণ ভাতা ও অন্যান্য সহায়তা প্রদান করেছেন রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. জগদীশ চন্দ্র সরকার।


সম্পর্কিত খবর