ক্যাম্পাস

বিএনপির সংরক্ষিত নারী আসনের মনোনয়ন সংগ্রহ করলেন ‘মায়ের ডাক’-এর লাবনী

জবি প্রতিনিধি

শেয়ারঃ

বিএনপির সংরক্ষিত নারী আসনের মনোনয়ন সংগ্রহ করলেন ‘মায়ের ডাক’-এর লাবনী- খবরের থাম্বনেইল ফটো

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন গুম হওয়া পরিবারের ন্যায়বিচারের দাবিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ‘মায়ের ডাক’-এর সদস্য ও মানবাধিকারকর্মী নুসরাত জাহান লাবনী।


শনিবার (১১ এপ্রিল) সকাল ১১টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেন।


জানা যায়, নুসরাত জাহান লাবনী ‘মায়ের ডাক’-এর সক্রিয় সদস্য। সংগঠনটি গুম হওয়া ব্যক্তিদের পরিবারের ন্যায়বিচার ও মানবাধিকার প্রতিষ্ঠার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে। এর আগে সংগঠনটির প্রতিষ্ঠাতা ও সমন্বয়ক প্রকৌশলী সানজিদা ইসলাম তুলিও সংগঠনের পক্ষ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। শেরপুর ও জামালপুর জেলার জনগণের পক্ষে নিজেকে সম্ভাব্য প্রার্থী হিসেবে উপস্থাপনের লক্ষ্যে তিনি এই উদ্যোগ নিয়েছেন।


নুসরাত জাহান লাবনী বলেন, “গুম হওয়া প্রতিটি পরিবারের কষ্ট আমি নিজের পরিবারের মতো অনুভব করি। রাজনীতিতে আমার আসার উদ্দেশ্য ক্ষমতা নয়, বরং এসব নির্যাতিত মানুষের ন্যায়বিচার নিশ্চিত করা।” তিনি আরও জানান, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং মানবিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে তিনি কাজ করে যেতে চান।


রাজনৈতিক বিশ্লেষকদের মতে, গুমের শিকার পরিবারের সদস্য হিসেবে লাবনীর এই প্রার্থিতা একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। এটি শুধু একটি রাজনৈতিক পদক্ষেপ নয়, বরং মানবাধিকার ইস্যুকে জাতীয় রাজনীতিতে নতুনভাবে উপস্থাপন করতে পারে।


উল্লেখ্য, ‘মায়ের ডাক’ হলো গুমের শিকার পরিবারের সদস্যদের একটি প্ল্যাটফর্ম, যা ২০০৯ সাল থেকে বিভিন্ন সময়ে কথিত গুমের ঘটনায় নিখোঁজ ব্যক্তিদের সন্ধান ও ন্যায়বিচারের দাবিতে কাজ করে আসছে। দেশের বিভিন্ন স্থান থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিচয়ে তুলে নেওয়ার পর নিখোঁজ হওয়া ব্যক্তিদের পরিবারগুলো এই প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত।


মনোনয়ন ফরম সংগ্রহের সময় তার সঙ্গে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, শেরপুর ও জামালপুর জেলার বিএনপির নেতাকর্মী এবং গুম হওয়া ভুক্তভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। পরে নুসরাত জাহান লাবনী বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তিনি তার রাজনৈতিক যাত্রা ও মানবাধিকার আন্দোলনের সফলতা কামনায় দোয়া প্রার্থনা করেন। রিজভী তার সাহসিকতা ও দৃঢ় অবস্থানের প্রশংসা করেন এবং গুম হওয়া পরিবারগুলোর ন্যায়বিচারের দাবির প্রতি সমর্থন জানান।


সম্পর্কিত খবর