ক্যাম্পাস

হলে ‘নারী থাকার সন্দেহে’ তল্লাশি

রাবিতে হল সংসদের এজিএসসহ ৩ শিক্ষার্থীর আবাসিকতা স্থগিত

রাবি প্রতিনিধি

শেয়ারঃ

রাবিতে হল সংসদের এজিএসসহ ৩ শিক্ষার্থীর আবাসিকতা স্থগিত- খবরের থাম্বনেইল ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ জিয়াউর রহমান হলে ‘নারী প্রবেশের সন্দেহে’ কক্ষে তল্লাশির অভিযোগে শৃঙ্খলা ভঙ্গের দায়ে হল সংসদের এজিএসসহ তিন শিক্ষার্থীর আবাসিকতা সাময়িকভাবে বাতিল করা হয়েছে।


শাস্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন—হল সংসদের এজিএস মো. ইসরাফিল, সাংস্কৃতিক সম্পাদক মো. সাকিব জুবায়ের এবং আবাসিক শিক্ষার্থী মো. ফোরকান হাফিজ জীম।


রোববার (১২ এপ্রিল) ভোরে হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। একই ঘটনায় হল সংসদের ভিপিকে (সহ-সভাপতি) কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। এ ঘটনার সুষ্ঠু তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে।


বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার ভোর আনুমানিক ৫টার দিকে শহীদ জিয়াউর রহমান হলের ১২১ নম্বর কক্ষে নারী প্রবেশের অভিযোগটি প্রাথমিকভাবে অসত্য ও ভিত্তিহীন বলে প্রতীয়মান হয়েছে। এ ঘটনায় তিন শিক্ষার্থীর আবাসিকতা সাময়িকভাবে বাতিল করা হয়েছে এবং হল সংসদের ভিপি মো. মোজাম্মেল হককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।


এছাড়া, অধিকতর তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটিকে দ্রুত প্রতিবেদন জমা দিতে বলা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।


অভিযোগের বিষয়ে এজিএস মো. ইসরাফিল বলেন, “একটি সূত্র থেকে হলে মেয়ে আনার তথ্য পাই। পরে ভিপি ও জিএসের সঙ্গে কথা বলে বিষয়টি যাচাই করতে যাই। সেখানে এমন কিছু না পেয়ে আমরা দুঃখ প্রকাশ করে চলে আসি।”


হল সংসদের ভিপি মো. মোজাম্মেল হক বলেন, “ফজরের আগে একজন হলে মেয়ে আনার বিষয়ে জানায়। তখন আমি জিএস ও এজিএসকে বিষয়টি জানাই এবং এমন কিছু হলে গোপনে মিটমাট করতে বলি। বিষয়টি যাতে আলোচনার কেন্দ্রবিন্দু না হয়, সেটিই চেয়েছিলাম। রাত গভীর হওয়ায় হল প্রশাসনের কাউকে জানানো হয়নি।”


এ বিষয়ে হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মাহবুবুর রহমান বলেন, “প্রভোস্ট ছাড়া আবাসিক হলে তল্লাশি চালানোর অনুমতি কারও নেই—সে হল সংসদের নেতা হলেও। এ ধরনের কাজ শৃঙ্খলা ভঙ্গের শামিল। তাই তিন শিক্ষার্থীর আবাসিকতা সাময়িকভাবে বাতিল করা হয়েছে এবং ভিপিকে শোকজ করা হয়েছে।”


উল্লেখ্য, শনিবার ভোর ৪টার দিকে ‘নারী অবস্থানের সন্দেহে’ শহীদ জিয়াউর রহমান হলের ১২১ নম্বর কক্ষে হল সংসদের এজিএস ইসরাফিল হোসাইনসহ কয়েকজন তল্লাশি চালান। পরে সেখানে কাউকে না পেয়ে তারা ফিরে যান।


সম্পর্কিত খবর