ক্যাম্পাস
পহেলা বৈশাখে জাবিতে বহিরাগত যানবাহন প্রবেশের নিষেধাজ্ঞা

বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনকে কেন্দ্র করে ক্যাম্পাসের শৃঙ্খলা ও নিরাপত্তা জোরদার করতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রশাসন বহিরাগত যানবাহন প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে। এ লক্ষ্যে আগামীকাল মঙ্গলবার (১৪ এপ্রিল) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্টিকারবিহীন কোনো গাড়ি বা মোটরসাইকেল প্রবেশ করতে পারবে না।
সোমবার (১৩ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব স্টিকারযুক্ত যানবাহন ছাড়া অন্য কোনো যানবাহন ক্যাম্পাসে প্রবেশের অনুমতি পাবে না। সংশ্লিষ্ট সবাইকে এ নির্দেশনা মেনে চলার জন্য অনুরোধ জানানো হয়েছে।
এতে আরও বলা হয়, ১২ এপ্রিল অনুষ্ঠিত নিরাপত্তা কমিটির সভার সুপারিশের ভিত্তিতে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। নববর্ষ উদযাপনকে কেন্দ্র করে ক্যাম্পাসে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।







