ক্যাম্পাস
যবিপ্রবির নতুন উপাচার্য হিসেবে নিয়োগ অধ্যাপক ড. ইয়ারুল কবীর

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) নতুন উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের অধ্যাপক ড. ইয়ারুল কবীর।
সোমবার (১৩ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। রাষ্ট্রপতির আদেশক্রমে এতে স্বাক্ষর করেন সহকারী সচিব মো. শাহ আলম সিরাজ।
প্রজ্ঞাপনে বলা হয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১-এর ধারা ১০(১) অনুযায়ী অধ্যাপক ড. ইয়ারুল কবীরকে নিম্নোক্ত শর্তে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে—
শর্ত অনুযায়ী, উপাচার্য হিসেবে তাঁর নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে চার বছর হবে। তিনি তাঁর বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাদি পাবেন এবং বিধি অনুযায়ী অন্যান্য সুবিধা ভোগ করবেন। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে ক্যাম্পাসে অবস্থান করবেন। এছাড়া, মহামান্য রাষ্ট্রপতি ও আচার্য প্রয়োজনবোধে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।
অধ্যাপক ড. ইয়ারুল কবীর বলেন, তিনি নিয়োগপত্র হাতে পেয়েছেন এবং শিগগিরই ক্যাম্পাসে যোগদান করবেন।
উল্লেখ্য, অধ্যাপক ড. ইয়ারুল কবীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের একজন সাবেক অধ্যাপক। তিনি ১৯৮৪ থেকে ২০২৩ সাল পর্যন্ত এ বিভাগে শিক্ষকতা করেছেন। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটিতে (BSMRMU) একাডেমিক অ্যাডভাইজার হিসেবে কর্মরত আছেন।







