ক্যাম্পাস

পান্তা-ইলিশ, গ্রামীণ খেলা ও গান-নৃত্যে বর্ষবরণ রাবি ছাত্রদলের

রাবি প্রতিনিধি

শেয়ারঃ

পান্তা-ইলিশ, গ্রামীণ খেলা ও গান-নৃত্যে বর্ষবরণ রাবি ছাত্রদলের- খবরের থাম্বনেইল ফটো

বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে পান্তা-ইলিশ, গ্রামীণ খেলা ও গান-নৃত্যের মাধ্যমে নতুন বছরকে বরণ করে নিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদল। দিনব্যাপী এ আয়োজনে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরে দর্শনার্থী ও শিক্ষার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়।


সকাল ৯টায় পান্তা-ভাত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর সকাল ১০টায় অনুষ্ঠিত হয় হাড়ি ভাঙা খেলা এবং সকাল ১১টায় অনুষ্ঠিত হয় ঐতিহ্যবাহী লাঠিখেলা। বিকাল ৫টায় ‘গানে গানে বৈশাখ’ শিরোনামে সাংস্কৃতিক পর্ব শুরু হওয়ার কথা রয়েছে।


ছাত্রদল নেতারা জানান, বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতিকে ধারণ করে নতুন বছরকে বরণ করতেই এ আয়োজন করা হয়েছে। এ আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্মের মাঝে বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরার পাশাপাশি সবার মধ্যে আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে দেওয়াই তাদের মূল লক্ষ্য। দিনব্যাপী অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের জন্য রাখা হয়েছে আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা।


রাবি শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ (রাহী) বলেন, “আমরা এবার নববর্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীকে নিয়ে পহেলা বৈশাখ উদযাপন করছি। বিগত সময়ে অন্যান্য রাজনৈতিক সংগঠনের কারণে সহাবস্থান ছিল না। আমরা দায়িত্ব গ্রহণের পর বিভিন্ন পর্যায়ে থেকে সকল শিক্ষার্থী ও রাজনৈতিক সংগঠনের সহাবস্থান নিশ্চিত করেছি। ফলে এবারের পহেলা বৈশাখ আমরা উৎসবমুখর পরিবেশে উদযাপন করছি।”


তিনি আরও বলেন, “রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কল্যাণে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে আমরা বদ্ধপরিকর।”


শাখা ছাত্রদলের শিক্ষা ও পাঠ্যক্রমবিষয়ক সম্পাদক রেদওয়ান ইসলাম রিদয় বলেন, “বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখকে কেন্দ্র করে আমরা নানা কর্মসূচির আয়োজন করেছি। গ্রামীণ ঐতিহ্য ধারণ করে শিক্ষার্থীদের জন্য বিভিন্ন খেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা রাখা হয়েছে। দীর্ঘ ১৭ বছর পর রাবি শিক্ষার্থীরা যে উৎসবমুখর পরিবেশ পেয়েছে, তার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানাই। আমাদের এই আয়োজন শিক্ষার্থীরা আনন্দের সঙ্গে উপভোগ করছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”


সম্পর্কিত খবর