ক্যাম্পাস
দেবদারুঘেরা রুয়েটে উৎসবমুখর আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

দেবদারুর সবুজ ছায়ায় ঘেরা রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩। পহেলা বৈশাখ উপলক্ষে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন, শোভাযাত্রা, সাংস্কৃতিক পরিবেশনা ও ঐতিহ্যবাহী প্রদর্শনীর মধ্য দিয়ে প্রাণচাঞ্চল্যে ভরে ওঠে পুরো ক্যাম্পাস।
সকাল ১০টায় উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাকের নেতৃত্বে একটি বর্ণিল শোভাযাত্রা ক্যাম্পাস প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় গ্রামীণ বাংলার ঐতিহ্যের নানা অনুষঙ্গ—নকশিকাঁথা, মাটির তৈজসপত্র, ঢোল, বাঁশি এবং কৃষিকাজের সরঞ্জাম—প্রদর্শিত হয়। শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শোভাযাত্রাটি হয়ে ওঠে প্রাণবন্ত ও আকর্ষণীয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক অধ্যাপক ড. এইচ এম রাসেল, ছাত্রকল্যাণ দপ্তরের উপপরিচালক অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মাহমুদসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্তরের প্রশাসনিক কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীরা।
নববর্ষ উদযাপনের অন্যতম আকর্ষণ ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান, যা রুয়েটের সাংস্কৃতিক সংগঠন ‘অনুরণন’-এর সহযোগিতায় অনুষ্ঠিত হয়। সকাল ১১টা থেকে শুরু হওয়া এ আয়োজনে নাচ, গান, আবৃত্তি ও লোকজ পরিবেশনায় মঞ্চে ফুটে ওঠে বাঙালির চিরায়ত সংস্কৃতির সৌন্দর্য। পাশাপাশি স্থাপত্যবিদ্যা বিভাগের শিক্ষার্থীদের নির্মিত বাঙালি ঐতিহ্যের নান্দনিক উপস্থাপন অনুষ্ঠানকে আরও সমৃদ্ধ করে তোলে। বর্ণিল এ আয়োজন দুপুর ১টায় সমাপ্ত হয়।
এছাড়া, ক্যাম্পাসজুড়ে বসে বাহারি স্টল, যেখানে পিঠাপুলি, পান্তা-ইলিশ, হস্তশিল্প এবং ঐতিহ্যবাহী নানা সামগ্রীর সমাহার দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে। শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দিনটি রূপ নেয় এক প্রাণবন্ত মিলনমেলায়। দেবদারুঘেরা রুয়েটে নববর্ষ ১৪৩৩ উদযাপন বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি ও সম্প্রীতির এক উজ্জ্বল প্রতিচ্ছবি হয়ে ধরা দিয়েছে।







