ক্যাম্পাস
উৎসবের রঙ ম্লান, আবর্জনায় ঢেকে গেল ঢাবি এলাকা

দিনব্যাপী বর্ণিল আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ। রাজধানীর নানা প্রান্ত থেকে মানুষের সমাগমে এদিন মুখরিত ছিল ঢাবি। দিনে উৎসবের কেন্দ্রবিন্দু হলেও আঁধার নামার পর দেখা যায় ভিন্ন চিত্র।
সবাই যার যার ঘরে ফিরলে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে দেখা যায় বর্জ্যের স্তূপ। মানুষের ব্যবহৃত টিস্যু, পানির বোতল, খাবারের প্যাকেটসহ বিভিন্ন জিনিস পড়ে থাকতে দেখা যায় বিশ্ববিদ্যালয়ের নানা জায়গায়। এ নিয়ে ক্ষোভ জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
ক্ষোভ প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু মুহসিন বলেন, “বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদাসীনতা এমন পরিস্থিতির প্রধান কারণ। তারা দিনব্যাপী মানুষ ঢুকতে দিলেও পরিবেশ রক্ষার বিষয়ে তদারকি করেনি। ফলে আমার বিশ্ববিদ্যালয় খোলা ডাস্টবিনে পরিণত হয়েছে।”
আরেক শিক্ষার্থী নাসরুল্লাহ বলেন, ক্যাম্পাসের এমন বেহাল দশা দেখে দুঃখ প্রকাশ করা ছাড়া আমাদের আর কিছু করার নেই। বিশ্ববিদ্যালয়ে নিয়মিত বহিরাগতরা আসে, কিন্তু প্রশাসন তা নিয়ন্ত্রণ করতে পারে না। উৎসবের দিনগুলোতে এই পরিস্থিতি আরও ভয়াবহ রূপ ধারণ করে।
এছাড়াও, বিভিন্ন হলের শিক্ষার্থীরা বহিরাগতদের দ্বারা হলের ফুল ছেঁড়া ও পরিবেশ নষ্ট করার অভিযোগ তুলেছেন। পাশাপাশি এদিন অনেক শিক্ষার্থীর ফোন ও মানিব্যাগ চুরি হওয়ায় ঢাবি প্রশাসনের প্রতি ক্ষোভ জানিয়েছেন তারা।
এ বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমেদকে একাধিকবার ফোন দেওয়া হলেও সাড়া পাওয়া যায়নি।








