ক্যাম্পাস
বেরোবিতে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি)-এ বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার (১৪ এপ্রিল, ২০২৬) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের দক্ষিণ গেট থেকে উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রার উদ্বোধন করেন।
বৈশাখের গান, বাঁশি ও বাদ্যের তালে তালে শোভাযাত্রাটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক, পার্ক মোড়, শহিদ আবু সাঈদ চত্বর এবং ক্যাডেট কলেজ মোড় প্রদক্ষিণ করে একাডেমিক ভবনের সামনে এসে শেষ হয়। শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে শোভাযাত্রায় বাঙালি সমাজের নানা ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরা হয়।
শোভাযাত্রা শেষে উপাচার্য একাডেমিক ভবনসমূহের সামনে বিভিন্ন বিভাগের আয়োজিত বৈশাখী মেলার স্টল পরিদর্শন করেন এবং শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় তিনি বলেন, “বাংলা নববর্ষ আমাদের চিরায়ত ঐতিহ্য ও আত্মপরিচয়ের উৎসব। বাঙালি ঐতিহ্য ও সংস্কৃতিকে ধারণ করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় যেভাবে এ উৎসব উদযাপন করছে, তা সত্যিই প্রশংসনীয়।” তিনি আরও বলেন, “বাঙালি ঐতিহ্য যেন কখনো হারিয়ে না যায়—সেজন্য বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যকে ধারণ করে নতুন বাংলাদেশ বিনির্মাণে আমাদের এগিয়ে যেতে হবে।”
পহেলা বৈশাখ উপলক্ষে বিকেলে মিডিয়া চত্বরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উল্লেখ্য, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে পুরাতন বছরকে বিদায় ও নতুন বছরকে স্বাগত জানাতে দুই দিনব্যাপী কর্মসূচির আয়োজন করা হয়। প্রথম দিন (১৩ এপ্রিল, ২০২৬) বিকেলে চৈত্রসংক্রান্তি ১৪৩২ বঙ্গাব্দ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ফুটবল মাঠে ঘুড়ি উড়ানো প্রতিযোগিতার আয়োজন করা হয়।







