জাতীয়
কয়রায় নৌবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

বাংলাদেশ নৌবাহিনী খুলনা জেলার কয়রা উপজেলায় বিনামূল্যে মেডিকেল ক্যাম্প পরিচালনা করেছে।
আজ বুধবার কমান্ডার খুলনা নৌ অঞ্চলের তত্ত্বাবধানে বানৌজা উপশমের অভিজ্ঞ চিকিৎসক দল উপজেলার বেদকাশি কলেজিয়েট স্কুল প্রাঙ্গনে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প পরিচালনা করে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।
দিনব্যাপী আয়োজিত এ ক্যাম্পেইনে কয়রা উপজেলার স্থানীয় এবং আশপাশের বিভিন্ন এলাকা হতে আগত নারী, পুরুষ ও শিশুসহ বিভিন্ন বয়সী প্রায় ১ হাজারজন চিকিৎসা সেবা গ্রহণ করে।
এতে বলা হয়, সেবা গ্রহীতাদের রোগ নির্ণয়, চিকিৎসা প্রদান ও বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়। উক্ত মেডিকেল ক্যাম্পে সাধারণ রোগের পাশাপাশি বিভিন্ন জটিল রোগে আক্রান্ত রোগীদেরও আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে যথাযথ চিকিৎসাসেবা ও স্বাস্থ্য বিষয়ক পরামর্শ প্রদান করা হয়।
এ সময় স্থানীয় জনগণের মাঝে ব্যাপক উৎসাহ, সন্তুষ্টি ও স্বস্তির অনুভূতি পরিলক্ষিত হয় এবং তারা নৌবাহিনীর এই মহৎ উদ্যোগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য, দেশের বিভিন্ন উপকূলীয় ও দ্বীপ বেষ্টিত অঞ্চলসমূহে অনগ্রসর ও দুঃস্থ মানুষের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনীর এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে।







