ক্যাম্পাস

ফুল না নিয়ে দোয়া চাইলেন যবিপ্রবির নবনিযুক্ত ভিসি ড. ইয়ারুল কবির

যবিপ্রবি প্রতিনিধি

শেয়ারঃ

ফুল না নিয়ে দোয়া চাইলেন যবিপ্রবির নবনিযুক্ত ভিসি ড. ইয়ারুল কবির- খবরের থাম্বনেইল ফটো

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এর (যবিপ্রবি) পঞ্চম উপাচার্য হিসেবে যোগদান করেছেন ড. ইয়ারুল কবির। এসময় ফুল দিয়ে শুভেচ্ছা জানাতে এলে তিনি ফুল না নিয়ে সবার কাছে দোয়া কামনা করেন।


বুধবার (১৫ এপ্রিল) সকালে বিশ্ববিদ্যালয়ের নিজ কার্যালয়ে যোগদানপত্রে স্বাক্ষরের মাধ্যমে তিনি দায়িত্ব গ্রহণ করেন।


এর আগে সোমবার (১৩ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সহকারী সচিব মো. শাহ আলম সিরাজ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তার নিয়োগের বিষয়টি জানানো হয়।


যোগদানের আনুষ্ঠানিকতার আগে অধ্যাপক ড. ইয়ারুল কবির বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে এবং প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া-র স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন, রেজিস্ট্রার কাজী মো. জালালুদ্দিন, বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা।


যবিপ্রবিকে এগিয়ে নিতে সবার সহযোগিতা কামনা করে তিনি বলেন, “যবিপ্রবি শিক্ষা ও গবেষণায় অনেক এগিয়ে। আমাদের এই একাডেমিক ও গবেষণা কার্যক্রমকে আরও বেগবান করতে হবে। অন্যান্য অনেক বিশ্ববিদ্যালয় থেকে প্রস্তাব পেলেও এই বিশ্ববিদ্যালয় ছিল আমার প্রথম পছন্দ।”


যোগদানের পর বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর ‘জিয়া ট্রি’ কর্মসূচির আদলে একটি নিমগাছ রোপণ করেন নবনিযুক্ত উপাচার্য।


অধ্যাপক ড. ইয়ারুল কবির ঢাকা বিশ্ববিদ্যালয়-এর বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে তিনি তোহোকু বিশ্ববিদ্যালয় থেকে নিউট্রিশনাল বায়োকেমিস্ট্রিতে পিএইচডি ডিগ্রি লাভ করেন।


দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে তিনি শিক্ষকতা ও গবেষণার সঙ্গে যুক্ত। ১৯৮৪ থেকে ২০২৩ সাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন। এছাড়া তিনি কুয়েত বিশ্ববিদ্যালয়ে সহযোগী অধ্যাপক এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়-এর রসায়ন বিভাগে খণ্ডকালীন শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন। জাপান ও জার্মানিসহ বিভিন্ন দেশে পোস্ট-ডক্টরাল গবেষণা এবং ভিজিটিং সায়েন্টিস্ট হিসেবেও কাজ করেছেন।


সম্পর্কিত খবর