ক্যাম্পাস

চিকিৎসায় অব্যবস্থাপনার অভিযোগে রাবি মেডিকেলে তালা

রাবি প্রতিনিধি

শেয়ারঃ

চিকিৎসায় অব্যবস্থাপনার অভিযোগে রাবি মেডিকেলে তালা- খবরের থাম্বনেইল ফটো

চিকিৎসায় অব্যবস্থাপনা ও শিক্ষার্থীকে সঠিক সেবা না দেওয়ার অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) মেডিকেলে তালা ঝুলিয়েছেন হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের শিক্ষার্থীরা।


শুক্রবার (১৭ এপ্রিল) বিকাল সাড়ে ৫টায় বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের মূল ফটকে তালা ঝুলান তারা।


খোঁজ নিয়ে জানা যায় ,ভুক্তভোগী শিক্ষার্থী ছিলেন হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের ২০২৪-২৫ সেশনের শিক্ষার্থী শাহরুখ হোসেন। বেলা সাড়ে ১১ টায় ক্রিকেট খেলা অবস্থায় অন্যজনের সাথে ধাক্কা খেয়ে ঠোঁটের একাংশ ফেটে যায়। পরবর্তীতে তাকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হলে সেখানকার দায়িত্বরত চিকিৎসকের বিরুদ্ধে অবহেলা ও অব্যবস্থাপনার অভিযোগ উঠে। আহত শিক্ষার্থী বর্তমানে তার মেসে অবস্থান করছেন।


এ বিষয়ে একই বিভাগের শিক্ষার্থী আবুরজিন বিন আজমাইলম বলেন, ১ম বর্ষের একজন শিক্ষার্থী সকালে ক্রিকেট খেলতে গিয়ে ঠোঁটে আঘাত পায়। চিকিৎসার জন্য সে মেডিকেলে আসলে তাকে নূন্যতম চিকিৎসা না দিয়ে রামেকে পাঠিয়ে দেন। এখন যদি তারা নূন্যতম চিকিৎসা দিতে না পারে তাহলে এই মেডিকেল সেন্টার না থাকায় ভালো। এখানে দায়িত্বরত যে চিকিৎসক ছিল তাকে অবশ্যই জবাবদিহিতার ভেতর আনতে হবে। মেডিকেল সেন্টারে চিকিৎসার পরিবেশ উন্নত করতে হবে যাতে গুরুতর কোন সমস্যা না হলে প্রাথমিক চিকিৎসাটা অন্তত দিতে পারে।


একই বিভাগের আরেকজন শিক্ষার্থী তরিকুল ইসলাম বলেন, একটা ব্যক্তি গুরুতর অসুস্থ যার ঠোট দিয়ে ব্রিডিং হচ্ছে তার মুখে একটা টিস্যু গজিয়ে দিয়ে তার কোন খোঁজ খবর না নিয়ে রাজশাহী মেডিকেলে যেতে বলে। এখানে না পারলে তারা ডিরেক্ট রেফার করবে কোন ডাক্তারের কাছে যেতে হবে কিন্তু তারা রেফার না করে যেখানে খুশি সেখানে যেতে বলে। এখন আমাদের দাবি হলো এটি যেদিন প্রকৃত মেডিকেল হিসেবে হবে সেদিনই চালু হবে অন্যথায় রাবিতে কোন মেডিকেল থাকবে না।


বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড.মাহবুবুর রহমান বলেন, মেডিকেলের সাথে আমার কথা হয়েছে। আহত শিক্ষার্থীর সুচিকিৎসার জন্য যেসকল সরঞ্জামের প্রয়োজন তা আমাদের মেডিকেলে নেই। সেজন্য চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজে (রামেক) নিয়ে যাওয়ার পরামর্শ দেন।


উল্লেখ্য, আহত শিক্ষার্থীকে বেলা ১১টায় রক্তাক্ত অবস্থায় রাবি মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে পর্যবেক্ষণ না করেই রামেকে যাওয়ার কথা বলে।


সম্পর্কিত খবর