ক্যাম্পাস
নওয়াব আলী চৌধুরীর মৃত্যুবার্ষিকীতে নীরব ঢাবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অন্যতম প্রতিষ্ঠাতা সৈয়দ নওয়াব আলী চৌধুরীর মৃত্যুবার্ষিকীতে তাঁকে স্মরণ করে কোন প্রকার কর্মসূচি ঘোষণা করেনি ঢাবি প্রশাসন। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদও (ডাকসু) নবাবকে স্মরণ করে কোন কর্মসূচি নেয়নি।
শুক্রবার (১৭ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা নবাব বাহাদুর সৈয়দ নওয়াব আলী চৌধুরীর মৃত্যুবার্ষিকী ছিল । তিনি ১৮৬৩ সালের ২৯ ডিসেম্বর টাঙ্গাইলের ধনবাড়ীতে জন্মগ্রহণ করেন। তিনি ধনবাড়ীর জমিদার ছিলেন। তিনি অবিভক্ত বাংলার প্রথম মুসলমান মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। সে সময় তিনি শিক্ষামন্ত্রী ছিলেন। ১৯১১ সালে ২৯ আগস্ট ঢাকার কার্জন হলে ল্যান্সলট হেয়ারের বিদায় এবং চার্লস বেইলির যোগদান উপলক্ষ্যে সংবর্ধনা অনুষ্ঠানে পৃথক দুটি মানপত্রে নবাব সলিমুল্লাহ ও নওয়াব আলী চৌধুরী ঢাকায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানান।
১৯২২ সালে নওয়াব আলী চৌধুরী ছাত্রছাত্রীদের বৃত্তি বাবদ ১৬ হাজার টাকার একটি তহবিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রদান করেন। এছাড়াও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাকালে অর্থাভাব দেখা দিলে তিনি নিজ জমিদারির একাংশ বন্ধক রেখে এককালীন ৩৫ হাজার টাকা প্রদান করেন। সৈয়দ নওয়াব আলী চৌধুরী ১৯২৯ সালের আজকের এই দিনে মৃত্যুবরণ করেন।
বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা ও গুণী এই ব্যক্তির স্মরণে তাঁকে স্মরণ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনো কর্মসূচি পালন করেনি। বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ফেসবুক পেজেও এ বিষয়ে কোন কিছু পোস্ট করা হয় নি। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ডাকসুর পক্ষ থেকেও এ বিষয়ে কোন কর্মসূচি পালন করা হয়নি। এর আগে গত ২০২৪ ও ২০২৫ সালে প্রথমবারের মতো বিশ্ববিদ্যালয়ের অন্যতম আরেক প্রতিষ্ঠাতা নবাব সলিমুল্লাহর জন্ম ও মৃত্যুবার্ষিকীতে তাঁকে স্মরণ করে বিভিন্ন কর্মসূচি পালন করেন বিশ্ববিদ্যালয় প্রশাসন, ডাকসু ও হল সংসদ।
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুন্সী শামস উদ্দিন আহম্মদ বলেন, আগে কখনো কোনো আয়োজন হয়নি। আগে যদি কেউ কোনো আয়োজন করতো তাহলে বলা যেতো।
এ বিষয়ে ডাকসুর ভিপি, এজিএসের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায় নি।







