ক্যাম্পাস

রুয়েটে ‘এআই ফর বিডি টেক কার্নিভাল ২০২৬’ অনুষ্ঠিত

রুয়েট প্রতিনিধি

শেয়ারঃ

রুয়েটে ‘এআই ফর বিডি টেক কার্নিভাল ২০২৬’ অনুষ্ঠিত - খবরের থাম্বনেইল ফটো

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)-এ আয়োজিত ‘এআই ফর বিডি টেক কার্নিভাল ২০২৬’ শিক্ষার্থীদের উদ্ভাবনী দক্ষতা, প্রযুক্তিগত সক্ষমতা এবং সৃজনশীলতার এক তাৎপর্যপূর্ণ প্রদর্শনীতে পরিণত হয়েছে। দিনব্যাপী এই আয়োজনে রাজশাহী জেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার মোট ৩৯টি দল অংশগ্রহণ করে।


শুক্রবার (১৭ এপ্রিল) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের হলরুমে অনুষ্ঠিত কার্নিভালে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবটিক্সভিত্তিক বিভিন্ন প্রকল্প উপস্থাপন করে।সকাল ৯টা থেকে শুরু হওয়া প্রদর্শনীতে বিচারকমণ্ডলী প্রকল্পসমূহ মূল্যায়ন করেন এবং অংশগ্রহণকারীদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের মাধ্যমে তাদের ধারণা, নকশা ও বাস্তবায়ন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত ধারণা নেন। এ সময় শিক্ষার্থীরা আত্মবিশ্বাসের সঙ্গে তাদের উদ্ভাবনের বিভিন্ন দিক তুলে ধরে।


এদিকে, বিকাল ৩টায় আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুয়েটের উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক। তিনি বক্তব্যে বলেন, “আমরা কখনো হারি না; হয় আমরা জিতি, নয়তো শিখি।” তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরও বলেন, পাঠ্যসূচির পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে সম্পৃক্ততা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগ্রহের ক্ষেত্রগুলোতে প্রাথমিক পর্যায় থেকেই মনোযোগী হলে লক্ষ্য অর্জন সহজ হয়। পাশাপাশি তিনি প্রশ্ন করার অভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে বলেন, উদ্ভাবনী চিন্তার বিকাশ প্রশ্ন করার মধ্য দিয়েই সম্ভব।

তিনি আরও উল্লেখ করেন, এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধি, সমস্যা সমাধানের দক্ষতা উন্নয়ন এবং বাস্তবমুখী শিক্ষার অভিজ্ঞতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

প্রতিযোগিতায় বিজয়ী শীর্ষ তিনটি দল নেপালে অনুষ্ঠিত আন্তর্জাতিক পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ লাভ করবে। এছাড়া সকল অংশগ্রহণকারী শিক্ষার্থীর মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের ডিইআইইডি প্রকল্পের প্রকল্প পরিচালক মঞ্জুর শাহরিয়ার এবং রুয়েটের ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার। তারা শিক্ষার্থীদের প্রযুক্তিনির্ভর শিক্ষা, উদ্ভাবনী চর্চা এবং ভবিষ্যৎ প্রস্তুতির বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে ক্লাব পার্টনার হিসেবে ছিলো রুয়েটের ক্লাব "প্রতিশ্রুতি"।সংশ্লিষ্টদের মতে, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের উদ্ভাবনী চেতনা বিকাশ, প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি এবং ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত করতে কার্যকর ভূমিকা রাখবে।


সম্পর্কিত খবর