জাতীয়
আগামী ২ জুলাই থেকে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু

চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষা আগামী ২ জুলাই থেকে শুরু হবে। শনিবার শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আসন্ন এসএসসি, এইচএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে আয়োজিত অংশীজনদের সঙ্গে বৈঠক শেষে শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এ তথ্য নিশ্চিত করেন।
শিক্ষামন্ত্রী বলেন, ‘আমরা সকল স্টেকহোল্ডারদের সাথে কথা বলে সিদ্ধান্ত নিয়েছি এইচএসসি পরীক্ষা ২ জুলাই থেকে শুরু হবে। আগামী এক সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ রুটিন প্রকাশ করা হবে।
পরবর্তী পাঁচ সপ্তাহের মধ্যে পরীক্ষা সম্পন্ন করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।’
সভায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের পরীক্ষা সংক্রান্ত অন্যান্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও গ্রহণ করা হয়। বিশেষ করে পাবলিক পরীক্ষায় আলোচিত ‘নীরব বহিষ্কার’ বা সাইলেন্ট এক্সপেল প্রথা বাতিল বিষয়ে মন্ত্রী সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।
তিনি জানান, পরীক্ষা পরিচালনার ১৯৬১ সালের নীতিমালায় থাকা বিতর্কিত ২৯ নম্বর ধারাটি অবিলম্বে রহিত করা হবে।
মন্ত্রী বলেন, ‘নীরব বহিষ্কার বলে কোনো শব্দ থাকতে পারে না। ১৯৮০ সালের পাবলিক পরীক্ষা নিয়ন্ত্রণ আইনেও এমন কোনো নিয়ম ছিল না। কাউকে শাস্তি দিতে হলে স্বচ্ছ প্রক্রিয়ার মধ্য দিয়ে দিতে হবে। পরীক্ষা কেন্দ্রে নকল প্রমাণিত হলে সেখানেই ব্যবস্থা নিতে হবে, নীরবে বাড়িতে বসে কাউকে বহিষ্কার করা আইনগতভাবে প্রযোজ্য নয়।’
শিক্ষামন্ত্রী আরও জানান, আগামী ২১ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া এসএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠু পরিবেশে অনুষ্ঠানের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
তিনি শিক্ষার্থীদের আশ্বস্ত করে বলেন, ‘কড়াকড়ি আইনগুলো শিক্ষার্থীদের জন্য নয়, বরং শিক্ষক ও কেন্দ্র সচিবদের জন্য, যাতে তারা মানসম্মত শিক্ষা ও সঠিক পরীক্ষা নিশ্চিত করেন।’







