ক্যাম্পাস

কুবি ডিবেটিং সোসাইটি আয়োজন করলো প্রথম জাতীয় বিতর্ক উৎসব

কুবি প্রতিনিধি

শেয়ারঃ

কুবি ডিবেটিং সোসাইটি আয়োজন করলো প্রথম জাতীয় বিতর্ক উৎসব- খবরের থাম্বনেইল ফটো

‘যুক্তির বর্ণমালায় গ্রন্থিত হোক মুক্তির কবিতা’ প্রতিপাদ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ডিবেটিং সোসাইটি (সিওইউডিএস)-এর উদ্যোগে প্রথম জাতীয় বিতর্ক উৎসব ফাইনাল পর্বের মাধ্যমে শেষ হয়েছে। এতে স্কুল-কলেজ পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে ময়নামতি ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি।


শনিবার (১৮ এপ্রিল) বিকাল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে স্কুল-কলেজ পর্যায়ের ফাইনাল দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর বিশ্ববিদ্যালয় পর্যায়ের ফাইনাল বিতর্ক অনুষ্ঠিত হয়।


কুবি ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক মো. মুহসিন জামিলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান, রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল হাকিম এবং সংগঠনের মডারেটর ও গণিত বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল্লাহ আল মাহবুব। এছাড়াও দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও স্কুল-কলেজ থেকে আগত বিতার্কিকরা অনুষ্ঠানে অংশ নেন।


স্কুল-কলেজ পর্যায়ে ময়নামতি ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ ও নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের মধ্যে ‘অপরিকল্পিত নগরায়নই পরিবেশ দূষণের মূল কারণ’ বিষয়ক ফাইনাল বিতর্ক অনুষ্ঠিত হয়। এতে জয়লাভ করে ময়নামতি ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ। এ পর্বে শ্রেষ্ঠ বিতার্কিক হন একই প্রতিষ্ঠানের মারুফ হাসান।


অন্যদিকে, বিশ্ববিদ্যালয় পর্যায়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির মধ্যে ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে বয়কট কালচার মত প্রকাশের স্বাধীনতার পরিপন্থী’ শীর্ষক বিষয়ের ওপর ফাইনাল অনুষ্ঠিত হয়। এতে চ্যাম্পিয়ন হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি। শ্রেষ্ঠ বিতার্কিক ও টুর্নামেন্ট সেরা নির্বাচিত হন একই দলের ইরফান অপূর্ব।


কুমিল্লা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক মো. মুহসিন জামিল বলেন, আমরা প্রতিষ্ঠার বারো বছর পর এই প্রথমবার সকলের প্রচেষ্টায় দেশের মোট ৩২টি বিশ্ববিদ্যালয় টিম এবং কুমিল্লা অঞ্চলের ১০টি স্কুল-কলেজের সমন্বয়ে জাতীয় বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করেছি। আজ ফাইনাল অনুষ্ঠানের মাধ্যমে এর সমাপ্তি হয়েছে। ভবিষ্যতেও এই আয়োজন অব্যাহত থাকবে এবং এর মাধ্যমে নবীন শিক্ষার্থীদের বিতার্কিক হিসেবে গড়ে তোলা হবে।


মডারেটর ও গণিত বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল্লাহ আল মাহবুব বলেন, মঞ্চে উপস্থিত প্রত্যেক অতিথিই প্রধান অতিথি হওয়ার যোগ্য। তবুও আমাদের সীমাবদ্ধতার জন্য ক্ষমা প্রার্থনা করছি। এই আয়োজন সফল করতে ডিবেটিং সোসাইটির সাবেক ও বর্তমান সদস্য, বিশ্ববিদ্যালয় প্রশাসন, স্পন্সর ও অন্যান্য সহযোগীদের প্রতি কৃতজ্ঞতা জানাই। কোনো ভুল হয়ে থাকলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।


কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান বলেন, একসময় কুমিল্লা বিশ্ববিদ্যালয় শূন্য থেকে যাত্রা শুরু করেছিল। পরবর্তীতে ৬ষ্ঠ ব্যাচ এসে ডিবেটিং সোসাইটি সহ বিভিন্ন ক্লাব প্রতিষ্ঠা করে। বর্তমানে বিশ্ববিদ্যালয়ে প্রায় ৩০টি নিবন্ধিত ও অনিবন্ধিত সংগঠন রয়েছে।


তিনি আরও বলেন, বিতর্কের মাধ্যমে উপস্থাপনা দক্ষতা, শব্দচয়ন ও যুক্তি প্রদর্শনের জন্য অনেক অধ্যয়ন ও পরিশ্রম প্রয়োজন। তোমরা একসময় দেশের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


কুবি উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী বলেন, ডিবেটিং সোসাইটিকে অনেকেই সাংস্কৃতিক সংগঠন মনে করলেও আমি ভিন্নমত পোষণ করি। এটি একটি বুদ্ধিবৃত্তিক সংগঠন। ডিবেট বুদ্ধির চর্চার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।


তিনি আরও বলেন, এমন সুন্দর আয়োজনের জন্য কুমিল্লা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটিকে ধন্যবাদ। বিজয়ী ও অংশগ্রহণকারী সকলকে অভিনন্দন।


কুমিল্লা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সভাপতি সাদিয়া আফরিন বলেন, বিশ্ববিদ্যালয় ও সংগঠনের সভাপতি হিসেবে দায়িত্ব পালনকালে জাতীয় বিতর্ক উৎসব আয়োজন আমার জন্য একটি বড় অর্জন। এই আয়োজন সফল করতে যারা সহযোগিতা করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই।


উল্লেখ্য, গত ১১ এপ্রিল আন্তঃস্কুল-কলেজ পর্যায়ের বিতর্কের মধ্য দিয়ে ১ম সিওইউডিএস জাতীয় বিতর্ক প্রতিযোগিতা শুরু হয়েছিল।


সম্পর্কিত খবর