ক্যাম্পাস
জবিতে উন্মুক্ত বিজ্ঞপ্তিতে বিষয়প্রাপ্তদের ভর্তি ২২ এপ্রিল

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ ১ম বর্ষে A, B, C ও D ইউনিটে শূন্য আসনে ভর্তির উন্মুক্ত বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়প্রাপ্তদের আগামী ২২ এপ্রিলের মধ্যে ফরম পূরণ, ফি পরিশোধ ও কাগজপত্র জমা দেওয়ার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
মঙ্গলবার (২১ এপ্রিল) উপাচার্যের অনুমোদনক্রমে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ শেখ গিয়াস উদ্দিনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ভর্তি বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ ১ম বর্ষে ইউনিট A, B, C ও D-এ শূন্য আসনে ভর্তির উন্মুক্ত বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়প্রাপ্তদের আগামী ২২ এপ্রিল সকাল ৮টা থেকে দুপুর ২টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের ভর্তির ওয়েবসাইট https://jnuadmission.com-এ নিজ নিজ প্যানেলে লগইন করে ভর্তি ফরম পূরণ ও উল্লেখিত ভর্তি ফি অনলাইনে জমা দিতে হবে। একই দিন, অর্থাৎ ২২ এপ্রিল সকাল ৮টা থেকে বেলা ৩টা পর্যন্ত সংশ্লিষ্ট ডিন অফিসে সরাসরি ভর্তি ফরম ও প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে কাগজপত্র জমাদান স্লিপ সংগ্রহ করে ভর্তি নিশ্চিত করতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ভর্তির জন্য সংশ্লিষ্ট ডিন অফিসে এসএসসি ও এইচএসসি পরীক্ষার মূল নম্বরপত্র, ভর্তি পরীক্ষার পর্যবেক্ষক (Invigilator) কর্তৃক স্বাক্ষরিত অ্যাডমিট কার্ড, অনলাইন থেকে প্রিন্টকৃত ভর্তি ফরম এবং সদ্যতোলা ২ (দুই) কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি জমা দিতে হবে।
এদিকে, বিজ্ঞান অনুষদ ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদভুক্ত বিভাগগুলোর জন্য মোট ভর্তি ফি ১২,৬৩০ টাকা (ব্যবহারিক ক্লাসের ফিসহ), বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত বিভাগগুলোর জন্য ১০,৬৩০ টাকা, কলা অনুষদ, সামাজিক বিজ্ঞান অনুষদ, আইন অনুষদভুক্ত বিভাগ ও ইনস্টিটিউটগুলোর জন্য (ফিল্ম অ্যান্ড টেলিভিশন, সংগীত ও নাট্যকলা বিভাগ ব্যতীত) ১০,৬৩০ টাকা, ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগ এবং সংগীত ও নাট্যকলা বিভাগে ভর্তি ফি ১২,৬৩০ টাকা (ব্যবহারিক ক্লাসের ফিসহ), এবং চারুকলা অনুষদভুক্ত বিভাগগুলোর জন্য ১২,৬৩০ টাকা (ব্যবহারিক ক্লাসের ফিসহ) নির্ধারণ করা হয়েছে।
উল্লেখ্য, আসন শূন্য থাকা সাপেক্ষে আগামী ২৩ এপ্রিল পরবর্তী তালিকা প্রকাশ করা হবে।







