ক্যাম্পাস
"দেশের রাজনৈতিক দলগুলো ব্যস্ত কে গুপ্ত, কে রাজাকার, কে কার দোসর এই পুরোনো তর্কে"

একটা রাষ্ট্রের সবচেয়ে বেসিক দায়িত্ব মানুষকে বাঁচিয়ে রাখা, মানুষকে ন্যূনতম সেবা দেওয়া সেই জায়গাতেই যদি বারবার ব্যর্থতা দেখা যায় তাহলে উন্নয়নের গল্প শুনে মানুষের মধ্যে স্বস্তি আসে না, আসে হতাশা। আর এই সময়েও দেশের রাজনৈতিক দলগুলো ব্যস্ত কে গুপ্ত, কে রাজাকার, কে কার দোসর এই একই পুরোনো তর্কে বলে মন্তব্য করেছেন রাকসুর জিএস সালাহউদ্দিন আম্মার।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল সাড়ে ৯ টায় নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে এ মন্তব্য করেন।
সালাহউদ্দিন আম্মার বলেন, সবচেয়ে বড় কথা অগ্রাধিকারের জায়গায় বড় ধরনের ভুল আছে। আমরা এখনো অতীত নিয়ে যুদ্ধ করছি,যেখানে আমাদের লড়াইটা হওয়া উচিত বর্তমান আর ভবিষ্যৎ নিয়ে। আমরা এখনো মানুষকে ভাগ করি পরিচয়ে,যেখানে দরকার ছিল মানুষকে এক করা উন্নয়নের প্রশ্নে। স্বাধীনতার এত বছর পরেও এই একই প্রশ্ন ঘুরপাক খাচ্ছি। আমরা আসলে কোথায় দাঁড়িয়ে আছি।
আম্মার বলেন, তেল নাই, বিদ্যুৎ নাই, গ্যাস নাই,নিরাপত্তা নেই, স্বাস্থ্যব্যবস্থা ভেঙে পড়ছে। হামে ছোট ছোট বাচ্চারা মারা যাচ্ছে।যে রোগটা টিকাদান থাকলে সহজেই প্রতিরোধ করা সম্ভব! বাস্তবতা হচ্ছে বিশ্ব যখন নিজেদের অর্থনীতি, জ্বালানি নিরাপত্তা আর প্রতিরক্ষা শক্তিশালী করতে ব্যস্ত আমরা তখনো পরিচয়ভিত্তিক রাজনীতির চক্রে ঘুরপাক খাচ্ছি।
তিনি আরও বলেন, স্বাধীনতার ৫৫ বছর পরও যদি মানুষকে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দেওয়া না যায়, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা না যায়,একটা প্রতিরোধযোগ্য রোগে শিশু মৃত্যুকে থামানো না যায় তাহলে প্রশ্নটা করতেই হয় সমস্যা আসলে কোথায়।







