ক্যাম্পাস
ছাত্রদলের 'গুপ্ত রাজনীতি নিষিদ্ধ চাই' দেয়াল লিখনের পাশে রাবি শিবিরের ফটোসেশন

ছাত্রদলের 'গুপ্ত রাজনীতি নিষিদ্ধ চাই' দেয়াল লিখনের পাশে ফটোসেশন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ইসলামী ছাত্রশিবির। বুধবার (২২ এপ্রিল) বিকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির পাশের দেয়াল লিখনে ফটোসেশন করতে দেখা যায় শাখা ছাত্রশিবিরের নেতাকর্মীদের।
এ বিষয়ে শাখা ছাত্রশিবিরের দাওয়াহ সম্পাদক ও মতিহার হল সংসদের ভিপি তাজুল ইসলাম বলেন, গুপ্ত বলতে কিছু না, ছাত্রশিবির তো গুপ্ত না। আমরা ক্যাম্পাসে ক্যারিয়ার গাইডলাইন, প্রকাশনা উৎসব, ফ্রি মেডিকেল ক্যাম্প, গোল টেবিল বৈঠক, নববর্ষ প্রদর্শনী উৎসবসহ বিভিন্ন প্রোগ্রাম করেছি। সেখানে আমাদের নেতা-কর্মীরা ওপেনে উপস্থিত ছিলেন। আমাদের নেতা-কর্মীরা রাকসু ও হল সংসদে নির্বাচিত হয়েছে। তারা সবাই তো ক্যাম্পাসে সবার সামনে রাজনীতি করে। তাহলে ছাত্রশিবির গুপ্ত হলো কিভাবে?
তিনি আরও বলেন, যারা গত ১৭ বছর গুপ্ত রাজনীতি করেছে, তারাই এখন গুপ্ত শব্দটি ব্যবহার করে। ছাত্রশিবির তো কখনো গুপ্ত ছিল না। আমাদের কোনো নেতাকর্মী লন্ডনে পালিয়ে ছিল না। আমরা গত ১৭ বছর দেশের মাটিতেই জেল-জুলুমের শিকার হয়েছি। এখন যারা লন্ডন থেকে এসে রাজনৈতি করছে, তাদের এতো নেতাকর্মীরা আগে কোথা ছিল?
বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রশিবিরের সভাপতি মুজাহিদ ফয়সাল বলেন, আমরা এদিক দিয়ে চা খেতে যাচ্ছিলাম। ছাত্রদলের ভাইয়েরা এটা কষ্ট করে লিখেছে, এজন্যই ছবি তোলা। আমরা তাদের দাবির সঙ্গে একমত। এদেশে গুপ্ত রাজনীতি করার কোনো সুযোগ নেই। দেশে থেকে দেশের মানুষের জন্য রাজনীতি করতে হবে।
তিনি আরও বলেন, এদেশে রাজনীতি করতে হলে দেশে থেকেই করতে হবে। জেল-জুলুম সহ্য করতে হবে। যারা কোনো বিপদ দেখলে লন্ডনে পালিয়ে যায়। বাংলাদেশের মানুষ আর তাদের গুপ্ত রাজনীতি চায় না। দেশ থেকে পালিয়ে লন্ডন বা ইন্ডিয়া গিয়ে গুপ্ত রাজনীতি করার আর কোনো সুযোগ নেই। আমরা এর অবসান চাই।
উল্লেখ্য, চট্টগ্রাম সিটি কলেজে দেয়াল লিখনকে কেন্দ্র করে ছাত্রদলের সঙ্গে ছাত্রশিবিরের সংঘর্ষের প্রতিবাদে মঙ্গলবার (২১ এপ্রিল) রাত ৯টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরে বিক্ষোভ মিছিল করেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। পরবর্তীতে আজ সকালে জামায়াত-শিবিরের রাজনীতিকে ‘গুপ্ত’ আখ্যা দিয়ে নিষিদ্ধের দাবিতে ক্যাম্পাসে দেয়াল লিখন কর্মসূচি পালন করেন তারা।







