জাতীয়

বাসভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি, কিলোমিটারে ১১ পয়সা বৃদ্ধি

ডেস্ক

শেয়ারঃ

বাসভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি, কিলোমিটারে ১১ পয়সা বৃদ্ধি- খবরের থাম্বনেইল ফটো

ডিজেলচালিত বাস ও মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১১ পয়সা বাড়িয়ে নতুন প্রজ্ঞাপন জারি করেছে সরকার। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করে। নতুন ভাড়া একই দিন থেকেই কার্যকর হয়েছে।


এর আগে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে দুপুরে বাসভাড়া বাড়ানোর ঘোষণা দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।


প্রজ্ঞাপনে বলা হয়, ‘সড়ক পরিবহন আইন, ২০১৮’-এর ধারা ৩৪(২) অনুযায়ী ডিজেলের দাম বৃদ্ধি ও পরিচালন ব্যয় বেড়ে যাওয়ায় এই ভাড়া পুনর্নির্ধারণ করা হয়েছে।


নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে চলাচলকারী বাসে যাত্রীপ্রতি প্রতি কিলোমিটার ভাড়া ২ টাকা ৪২ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৫৩ পয়সা নির্ধারণ করা হয়েছে। একইভাবে আন্তঃজেলা ও দূরপাল্লার বাস ও মিনিবাসে ভাড়া ২ টাকা ১২ পয়সা থেকে বেড়ে হয়েছে ২ টাকা ২৩ পয়সা।


এছাড়া ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের আওতাধীন জেলা—নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, গাজীপুর, মানিকগঞ্জ ও ঢাকাসহ সংশ্লিষ্ট অঞ্চলে বাস ও মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটার ২ টাকা ৩২ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৪৩ পয়সা করা হয়েছে।


মহানগরীতে বাস ও মিনিবাসের সর্বনিম্ন ভাড়া যথাক্রমে ১০ টাকা ও ৮ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে।


প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, যাত্রীসুবিধার জন্য বাসের আসন সংখ্যা কমানো হলে দূরপাল্লার ভাড়া আনুপাতিকভাবে পুনর্নির্ধারণ করতে হবে এবং তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন নিতে হবে। তবে এই ভাড়া গ্যাসচালিত বাস ও মিনিবাসের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।


সরকারি নির্দেশনায় প্রতিটি বাসে নতুন ভাড়ার তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শনের কথাও উল্লেখ করা হয়েছে।


উল্লেখ্য, গত ১৮ এপ্রিল সরকার জ্বালানি তেলের দাম বৃদ্ধি করে। এরপর থেকেই গণপরিবহনের ভাড়া বাড়ানোর দাবি জানিয়ে আসছিলেন পরিবহন মালিক ও শ্রমিকরা।


সম্পর্কিত খবর