ক্যাম্পাস
ডাকসু নেতৃবৃন্দ ও সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে চাকসুর বিক্ষোভ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নেতৃবৃন্দ ও সাংবাদিকদের উপর ছাত্রদলের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাত সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের স্মরণ চত্বর থেকে এ বিক্ষোভ মিছিল শুরু করেন শিক্ষার্থীরা। মিছিলটি সোহরাওয়ার্দী হল, আলাওল হল ও নিরাপত্তা দপ্তর হয়ে আবার স্মরণ চত্বরে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা ‘শিক্ষা সন্ত্রাস, একসাথে চলে না’, ‘একটা একটা সন্ত্রাস ধর, ধইরা ধইরা জেলে বড়’, ‘ডাকসুতে হামলা কেন, প্রশাসন জবাব চাই’, ‘লীগ গেছে যেই পথে, দল যাবে সেই পথে’সহ নানা প্রতিবাদী স্লোগান দেন।
সমাবেশে চাকসুর জিএস সাঈদ বিন হাবিব বলেন, “জুলাই অভ্যুত্থানে ছাত্রদল আমাদের সাথে ছিল। কিন্তু আমরা দেখেছি, অভ্যুত্থানের পর তারা কিভাবে আমাদের ভাইদের উপর চাপাতি দিয়ে হামলা চালিয়েছে। ছাত্রদলকে সাবধান করে দিতে চাই, আপনারা মজলুম ছিলেন, জালিম হবেন না। জালিমের পরিণতি কি হতে পারে তা ছাত্রলীগ থেকে শিক্ষা নিয়ে শিক্ষার্থীবান্ধব রাজনীতি করুন।”
চাকসুর ভিপি ইব্রাহিম হোসেন রনি বলেন, “৫ আগস্টের পরে আমরা ভেবেছিলাম, ভয় ও সন্ত্রাসের রাজনীতি বিলুপ্ত হয়ে ছাত্ররাজনীতিতে নতুন পরিবেশ তৈরি হবে। কিন্তু আমরা দেখেছি সময়ের পরিবর্তনের সাথে সাথে একটি বৃহৎ চক্র আবার সেই ভয় ও সন্ত্রাসের রাজনীতি ফিরিয়ে আনতে চায়। প্রতিপক্ষের মেধার রাজনীতিকে নিশ্চিহ্ন করে দিতে তারা ক্যাম্পাসগুলোতে এ ভয় সঞ্চার করতে চায়।”
তিনি বলেন, “স্বৈরাচার মানুষও মারতো, বিদ্যুৎ-ও দিত, আর আপনি (প্রধানমন্ত্রী) বিদ্যুৎ না দিয়েই মানুষ মেরে ফেলতেছেন। এসএসসি পরীক্ষা চলছে, সামনে এইচএসসি পরীক্ষা, ঘরে বিদ্যুৎ নাই; সেটা নিয়ে আপনার কোন আলোচনা নাই। আপনি আলোচনা বেঁধে দিয়েছেন কিভাবে আপনার কিরিচ বাহিনী আমাদের ভাইদের উপর হামলা করবে।”







