ক্যাম্পাস
ছাত্রদল বয়কটের সিদ্ধান্ত ঢাবি সাংবাদিক সমিতির

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িত ছাত্রদল নেতা-কর্মীদের চিহ্নিত করে সাংগঠনিক ব্যবস্থা না নেওয়া পর্যন্ত সংগঠনটির সব ধরনের কর্মসূচি বর্জনের ঘোষণা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি।
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ক্ষোভ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ডুজা)।
এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ না করা পর্যন্ত ছাত্রদলের সব ধরনের কর্মসূচি বর্জনের ঘোষণা দিয়েছে সংগঠনটি।
শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে হামলার বিচার চেয়ে একটি স্মারকলিপি দেন ডুজার নেতারা।
স্মারকলিপি প্রদান শেষে ডুজার সভাপতি মানজুর হোসাইন মাহি বলেন,“হামলায় জড়িতদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা না নেওয়া পর্যন্ত ছাত্রদলের কোনো কর্মসূচিতে আমরা অংশ নেব না এবং তা বর্জন করব।”
এ সময় সাংবাদিক নেতারা জানান, ঘটনার বিষয়ে আইনগত পদক্ষেপ হিসেবে শাহবাগ থানায় মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
এদিকে, ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি ঘটনাটিকে ‘অনাকাঙ্ক্ষিত’ বলে উল্লেখ করেন।
তিনি বলেন, একটি কুরুচিপূর্ণ পোস্টকে ঘিরে সৃষ্ট উত্তেজনার মধ্যে সংবাদ সংগ্রহ করতে গিয়ে কয়েকজন সাংবাদিক আহত হয়েছেন।
এ ঘটনায় ছাত্রদলের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করে তিনি জানান, সংগঠনটি গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।







