ক্যাম্পাস
বেরোবিতে রি-আর্থ ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী ও বিশ্ব পৃথিবী দিবস উদযাপন
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর (বেরোবি)-এ আনন্দঘন ও স্নিগ্ধ পরিবেশে রি-আর্থ ক্লাব (ReEarth Club)-এর উদ্যোগে বিশ্ব পৃথিবী দিবস এবং সংগঠনটির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
শুক্রবার (২৪ এপ্রিল) ভোরে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক প্রাঙ্গণে এ ব্যতিক্রমী আয়োজন অনুষ্ঠিত হয়। যান্ত্রিক জীবনের কোলাহল থেকে দূরে সরে প্রকৃতির সঙ্গে একাত্ম হওয়ার আহ্বানেই আয়োজনটি সাজানো হয়।
সকাল ৬টায় অংশগ্রহণকারীদের সমবেত হওয়ার মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। পরে খালি পায়ে মৌন পদযাত্রা (সাইলেন্ট বেয়ারফুট ওয়াক) অনুষ্ঠিত হয়, যা অংশগ্রহণকারীদের ভোরের নির্মল প্রকৃতির সঙ্গে নিবিড় সংযোগ স্থাপনে সহায়তা করে। এরপর ধ্যান (মেডিটেশন) পর্ব অনুষ্ঠিত হয়।
পরবর্তীতে অংশগ্রহণকারীরা ইকো-আর্ট কার্যক্রমে অংশ নেন। সার্কেল শেয়ারিং ও উন্মুক্ত আলোচনায় তারা পরিবেশ বিষয়ে নিজেদের ভাবনা, ক্লাবের কার্যক্রম এবং ব্যক্তিগত অভিজ্ঞতা বিনিময় করেন।
রি-আর্থ ক্লাবের সভাপতি তাসবীন শাকীব বলেন, “প্রাণ-প্রকৃতি ও মানুষের সহাবস্থান এবং টেকসই ভবিষ্যৎ গড়ে তুলতেই রি-আর্থ ক্লাব কাজ করছে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমরা পৃথিবীকে ভিন্নভাবে অনুভব করার চেষ্টা করেছি।” তিনি আরও জানান, আলোচনায় পরিবেশ দূষণ, জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক সংকটের বিষয়গুলো উঠে এসেছে।
ক্লাবের সেক্রেটারি আল শাহারিয়া বলেন, “শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বাড়ানো এবং প্রকৃতির প্রতি ভালোবাসা তৈরি করাই আমাদের লক্ষ্য।
প্রতিষ্ঠাবার্ষিকী ও বিশ্ব পৃথিবী দিবসে প্রকৃতির এত কাছাকাছি একটি স্নিগ্ধ সকাল কাটাতে পেরে আমরা আনন্দিত।”
দিনব্যাপী এ আয়োজনের মাধ্যমে পরিবেশ রক্ষা ও সচেতনতা বৃদ্ধির প্রত্যয় ব্যক্ত করা হয়।




