ক্যাম্পাস
কুবিতে ইএলডিসি ক্লাবের উদ্যোগে ইন্টারন্যাশনাল ইকো লিডারশিপ সামিট অনুষ্ঠিত
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ইএলডিসি ক্লাবের উদ্যোগে “ইন্টারন্যাশনাল ইকো লিডারশিপ সামিট ২০২৬” অনুষ্ঠিত হয়েছে।
সামিটের মূল লক্ষ্য ছিল শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি, টেকসই উন্নয়ন বিষয়ে ধারণা প্রদান এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় তরুণদের নেতৃত্ব ও অংশগ্রহণে উদ্বুদ্ধ করা।
শুক্রবার (২৪ এপ্রিল) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সামাজিক বিজ্ঞান অনুষদের কনফারেন্স রুমে দিনব্যাপী এ সামিট অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সোহরাব উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন প্রাইম ব্যাংকের কুমিল্লা অঞ্চলের প্রধান তারিকুল হাসান এবং শিশুলাজের চেয়ারম্যান ও ডিরেক্টর আজম খান।
শিক্ষার্থী অন্বেষা নাথ বলেন, “সেমিনারটি অত্যন্ত গুছানো ছিল। এখানে আমরা ইকো লিডারশিপসহ বর্তমান সময়ের পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলার বিভিন্ন দিক সম্পর্কে ধারণা পেয়েছি। দলীয় কাজের মাধ্যমে বিষয়গুলো আরও পরিষ্কার হয়েছে।”
প্রাইম ব্যাংকের কুমিল্লা অঞ্চলের প্রধান তারিকুল হাসান বলেন, “আমরা তরুণদের উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করছি। এ ধরনের কর্মসূচির মাধ্যমে তাদের অনুপ্রাণিত করাই আমাদের লক্ষ্য।”
ডিন অধ্যাপক ড. সোহরাব উদ্দিন বলেন, “আগে পৃথিবী টিকিয়ে রাখতে হবে, তারপর মানুষ। পরিবেশ ধ্বংস করে উন্নয়ন সম্ভব নয়।”
শিশুলাজের চেয়ারম্যান আজম খান বলেন, “এই প্রশিক্ষণ প্রোগ্রামের লক্ষ্য শুধু সার্টিফিকেট নয়, বরং দক্ষতা উন্নয়ন ও ক্যারিয়ার গঠনে সহায়তা করা।”
ইএলডিসির সভাপতি আব্দুল্লাহ আল নোমান জানান, দিনব্যাপী এ আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা বৈশ্বিক পরিবেশনীতি, টেকসই উন্নয়ন ও নেতৃত্ব বিষয়ে বাস্তবধর্মী জ্ঞান অর্জনের সুযোগ পেয়েছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।




