ক্যাম্পাস

রাবি ছাত্র উপদেষ্টাকে ‘কান বরাবর পড়বে’—ছাত্রদল নেতার হুমকিতে সমালোচনার ঝড়

রাবি প্রতিনিধি

শেয়ারঃ

রাবি ছাত্র উপদেষ্টাকে ‘কান বরাবর পড়বে’—ছাত্রদল নেতার হুমকিতে সমালোচনার ঝড়- খবরের থাম্বনেইল ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ছাত্র উপদেষ্টা ড. আমিরুল ইসলাম কনকের একটি ফেসবুক পোস্টে করা মন্তব্যে—“শিক্ষক শিক্ষকের মতো থাকেন, না হলে কান বরাবর পড়বে”—এমন হুমকির অভিযোগ উঠেছে ছাত্রদলের এক নেতার বিরুদ্ধে।


শুক্রবার (২৪ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এ মন্তব্যকে কেন্দ্র করে ক্যাম্পাসজুড়ে সমালোচনার ঝড় ওঠে।


জানা যায়, অভিযুক্ত ব্যক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহ-সভাপতি শরিফুল ইসলাম। তিনি নৃবিজ্ঞান বিভাগের ২০১৪–১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং তার বাড়ি বগুড়া জেলায়।


মন্তব্যটি প্রকাশের পর তা দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং শিক্ষার্থীসহ বিভিন্ন মহলে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করে।


এ বিষয়ে শিক্ষার্থীদের অনেকেই বলেন, শিক্ষককে উদ্দেশ করে এ ধরনের মন্তব্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষা-পরিবেশ ও সংস্কৃতির সঙ্গে সাংঘর্ষিক। তারা এ ধরনের আচরণের নিন্দা জানিয়ে সংশ্লিষ্টদের জবাবদিহির আওতায় আনার দাবি জানান।


এ বিষয়ে রাকসুর বিতর্ক ও সাহিত্যবিষয়ক সম্পাদক ইমরান লস্কর বলেন, “কনক স্যার জুলাই গণ-অভ্যুত্থানের অগ্রসরমান ব্যক্তিত্ব। অন্যায় ও জুলুমের বিরুদ্ধে এবং ন্যায় ও ইনসাফের পক্ষে তিনি সবসময় অবস্থান নেন। এমন একজন মানুষকে প্রকাশ্যে হুমকি দেওয়া দুঃখজনক।”


ছাত্র উপদেষ্টা ড. আমিরুল ইসলাম কনক বলেন, আমি চাই সারা দেশে একটি স্থিতিশীল পরিবেশ সৃষ্টি হোক এবং শিক্ষার্থীরা পড়াশোনায় মনোযোগী হোক। কিন্তু দুঃখজনকভাবে অনেকে নিজের ক্যারিয়ার গঠনের দিকে মনোযোগ না দিয়ে অপ্রয়োজনীয় দ্বন্দ্বে জড়িয়ে পড়ছে। মনের কষ্ট থেকেই আমি ওই পোস্টটি দিয়েছিলাম।


তিনি আরও বলেন, ওই মন্তব্যটি আমার কাছে অশোভন মনে হয়েছে। ক্যাম্পাসের উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে কিছু আপত্তিকর মন্তব্যের জবাবে আমি প্রতিক্রিয়া জানিয়েছিলাম। তবে এসব বিষয় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে খারাপ দেখায়, তাই পরে মন্তব্যের অপশন বন্ধ করে দিই।


হুমকির প্রসঙ্গে তিনি বলেন, পরবর্তীতে আবার মন্তব্যে আমাকে ‘শিক্ষকের মতো থাকতে’ বলা হয় এবং ‘না হলে কান বরাবর পড়বে’—এ ধরনের হুমকি দেওয়া হয়। আমি তাকে ভাষা সংযত করতে বলেছি। আমি বিষয়টি সিনিয়র শিক্ষকদের অবহিত করব।


সম্পর্কিত খবর