ক্যাম্পাস
এবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস পালিত হবে ২ নভেম্বর — জবি উপাচার্য

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন বলেছেন, ২ নভেম্বর বেগম খালেদা জিয়া বিশ্ববিদ্যালয়টির অনুমোদন দেন এবং ২০ অক্টোবর এটি প্রতিষ্ঠিত হয়। তাই এ বছর থেকে বিশ্ববিদ্যালয় দিবস ২ নভেম্বর পালিত হবে।
শনিবার (২৫ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটরিয়ামে অর্থনীতি বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আয়োজনে অনুষ্ঠিত ঈদ পুনর্মিলনী ও সাধারণ সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আগামী বিশ্ববিদ্যালয় দিবসের আগেই কেন্দ্রীয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন করা হবে। এ উপলক্ষে শিল্পী জেমসকে আনার পরিকল্পনাও রয়েছে। জবিকে অন্তরে ধারণ করলে সবাই একত্রিত হবেন।
তিনি বলেন, জবি থেকে নির্বাচিত সংসদ সদস্যরা রয়েছেন; তাদের নিয়ে একটি সংবর্ধনার আয়োজনের চেষ্টা করা হবে। তারা উদার মানসিকতা নিয়ে পাশে দাঁড়ালে বিশ্ববিদ্যালয়ের সমস্যাগুলো সমাধান করা সহজ হবে।
তিনি আরও বলেন, একজন পিতার কাছে ঈদের আনন্দ তখনই পূর্ণতা পায়, যখন তার সন্তান তাকে ছাড়িয়ে যায়। আজ আমারও সেই অনুভূতি হচ্ছে, কারণ অভিভাবক হিসেবে আমার শিক্ষার্থীরা আমাদের ছাড়িয়ে গেছে। আমরা সবাইকে নিয়ে সামনে এগোতে চাই। এখানে কোনো রাজনৈতিক চর্চা হবে না; আমরা সবাই একটি পরিবার।
অর্থনীতি বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ সজলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন, ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. মো. শেখ গিয়াসউদ্দিনসহ অ্যালামনাই ও সাধারণ শিক্ষার্থীরা।






